উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মাঠে হেরে বিদায় নেয়া বিধ্বস্ত, বিপর্যস্ত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আজ রাতে ফ্রেঞ্চ লিগে বোর্দের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

টানা দুই ম্যাচ হেরেছে পিএসজি। লিগে সর্বশেষ নিসের কাছে ১-০ গোলে হারে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এরপর চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে হার ৩-১ গোলে। সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মেসি-নেইমাররা। যদিও লিগে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে  শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্টে দুইয়ে নিস এবং ৪৭ পয়েন্টে তিনে মার্শেই।

এদিকে লা লিগায় আজ ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। জাভি হার্নান্দেসের হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় কাতালানরা। সব টুর্নামেন্ট মিলিয়ে সর্বশেষ নয় ম্যাচে অপরাজিত দলটি। বাজেভাবে মৌসুম শুরু করলেও মাঝামাঝিতে জাভি দায়িত্ব নিলে নতুন করে সংস্কার শুরু হয় দলের। তলানি থেকে পয়েন্ট টেবিলেও সেরা চারে উঠে এসেছে কাতালানরা। আজ রাত ২টায় লা লিগায় ২৭তম রাউন্ডে ওসাসুনার বিপক্ষে ক্যাম্প ন্যুয়ে মাঠে নামবে বার্সা।

২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে বার্সা। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া ও ২৮ ম্যাচে ৫১ পয়েন্টে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ। শিরোপা পুনরুদ্ধারে না থাকলেও সামনের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা ধরে রাখার চ্যালেঞ্জ কাতালানদের।

লিগে সর্বশেষ এলচের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। তবে নিজেদের শেষ ম্যাচে উয়েফা ইউরোপা লিগের প্রথম লেগে তুরস্কের  ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সা। বুধবার দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে খেলবে কাতালানরা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ৮টায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে চেলসি। শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে টমাস টুখেলের শিষ্যরা। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিনে। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্টে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। বিবিসি