ক্রাইস্টচার্চ টেস্টে দুর্দান্ত এক দিন কাটল ইংল্যান্ডের। গতকাল প্রথম সেশনে কর্তৃত্ব করে তারা। ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শুরু করা বেন স্টোকসের দল এদিন আরো ১৮০ রান যোগ করে দ্বিতীয় সেশনের শুরুর দিকে অলআউট হয়েছে। হ্যারি ব্রুক ১৭১ ও স্টোকস ৮০ রান করে দলকে চালকের আসনে বসিয়েছেন। ১৫১ রানের লিড নেয়ার পর বোলারদের কল্যাণে দিনটিই তাদের হয়ে যায়। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। দিনশেষে তাদের সংগ্রহ ১৫৫/৬। লিড মাত্র ৪ রানের।
ক্রিস ওকস ও ব্রাইডন কার্স উভয়ই সমান তিনটি করে উইকেট নিয়ে ধসিয়ে দেন কিউইদের ব্যাটিং লাইনআপ। বিপদের সময় ৮৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ড্যারিল মিচেল ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্বীকৃত ব্যাটার বলতে তিনিই শুধু টিকে আছেন। তাই বলাই যায়, ক্রাইস্টচার্চ টেস্টে হারের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড।
এর আগে সকালে ১৩২ রান নিয়ে শুরু করা ব্রুক ১৯৭ বলে ১৭১ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাট হেনরির শিকার হয়ে সাজঘরে ফেরেন। এটা তার ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। ১৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। অক্টোবরে পাকিস্তানের মাটিতে করেন ক্যারিয়ারসেরা ৩১৭ রান। গতকাল ৮০ রান করা স্টোকস দিন শুরু করেছিলেন ৩৭ রান নিয়ে। তিনি ৯ বাউন্ডারিতে ইনিংসটি সাজান। বোলার গাস অ্যাটকিনসন ৩৬ বলে ৪৮ রান করে দলের সংগ্রহটা বড় করতে সাহায্য করেন। ২৪ বলে ৩৩ রান করেন ব্রাইডন কার্স। শেষের দুজন ছক্কাই মেরেছেন পাঁচটি।
চলতি সিরিজে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ৬ ডিসেম্বর ওয়েলিংটন টেস্ট ও ১৪ ডিসেম্বর হ্যামিলটন টেস্ট শুরু হবে।










