কাতারে এ বছর শেষ দিকে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২২। নিজেদের মাঠের এ ক্রীড়াযজ্ঞ সামনে রেখে ফিফার অফিশিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হলো কাতারএনার্জি। কাতারএনার্জি বিশ্বের সর্ববৃহৎ লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) সরবরাহকারী কোম্পানি এবং কাতারের দ্বিতীয় কোম্পানি হিসেবে ফিফার সহযোগী হলো।

কাতারএনার্জিকে সহযোগী হিসেবে পেয়ে আনন্দিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, এ বছরের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ আসরে ফিফার সঙ্গে যুক্ত হচ্ছে কাতারএনার্জি এবং আমরা তাদের সানন্দে স্বাগত জানাই। আশা করি, আরব অঞ্চলের প্রথম এ বিশ্বকাপ আসরে আমাদের উৎসাহ ও উদ্দীপনার সঙ্গী হবে তারাও। এবারের আসরটি এ অঞ্চলে ফুটবল ছড়িয়ে দেবে আর আলোকিত করবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির সন্নিবেশ ঘটবে কাতারে, যেখানকার আধুনিক সব স্টেডিয়ামে সেরা ফুটবল উপভোগের মঞ্চ তৈরি হয়েছে।

কাতারএনার্জির প্রেসিডেন্ট ও সিইও এবং কাতারের জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি এ বিষয়ে এক মন্তব্যে বলেছেন, আবারো ফিফার সহযোগী হতে পেরে আনন্দিত কাতারএনার্জি। এবার আমরা আইকনিক বিশ্বকাপকে সমর্থন জোগাব, যা কিনা অনুষ্ঠিত হবে কাতারে এবং প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে। বিভিন্ন খেলায় আমাদের অব্যাহত সমর্থনের প্রতিফলন এ পার্টনারশিপ। আমরা বিশেষ করে ফুটবলের প্রতিই বেশি দৃষ্টি দিয়ে থাকি, যা কিনা বিশ্বক্রীড়ার আকর্ষণের কেন্দ্রে। আমরা খুবই সফল একটি বিশ্বকাপের আশায় রয়েছি এবং এ আসরে গোটা বিশ্বকে কাতারে স্বাগত জানানোর প্রচেষ্টায় যুক্ত থাকব।

কাতারএনার্জি একটি সমন্বিত জ্বালানি কোম্পানি, যারা কাতার ও এর বাইরে জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে পরিষ্কার জ্বালানি সম্পদকে উৎসাহিত করে। তারাই এলএনজি উৎপাদনে বিশ্বে নেতৃস্থানীয়।

কাতার বিশ্বকাপ সামনে রেখে ফিফার সব বৈশ্বিক অংশীদার প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং শিগগিরই আরো কয়েকটির নাম ঘোষণা করা হবে। রিজিওনাল সাপোর্টার প্যাকেজে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মার্কেটের আর একটি মাত্র কোম্পানির সঙ্গে চুক্তি বাকি আছে ফিফার, সেটি হতে পারে কাতার কিংবা উপসাগরীয় অঞ্চলের অন্য কোনো দেশের।

কাতার বিশ্বকাপে ফিফার সহযোগী হিসেবে আছে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার কোম্পানি এডিডাস, বিশ্বের স্বনামধন্য কোমলপানীয় কোম্পানি কোকাকোলা, চীনা রিয়েল স্টেট এন্টারপ্রাইজ ও বিশ্বের সর্ববৃহৎ ফাইভস্টার হোটেলের মালিক ওয়ান্ডা গ্রুপ, কোরিয়ান অটোমোবাইল কোম্পানি হুন্দাই ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান কিয়া, কাতারের বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ, এলএনজি কোম্পানি কাতারএনার্জি এবং ফিফার অফিশিয়াল পেমেন্ট টেকনোলজি পার্টনার হিসেবে আছে ভিসা।

কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তেলসমৃদ্ধ এ দেশের আটটি নবনির্মিত আধুনিক স্টেডিয়ামে। বিশ্বকাপে স্বাগতিক কাতারসহ মোট ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এ আসর সামনে রেখে বাছাইপর্ব এখন প্রায় শেষ দিকে। ফিফা ডটকম