একজন উইঙ্গারের জন্য ব্যালন ডি’অর জেতা যতটা সহজ, একজন মিডফিল্ডারের জন্য ঠিক ততটা নয়। কিন্তু নারীদের ফুটবলে সেই কাজটি যেন সহজেই করে দেখিয়েছেন অ্যালেক্সিয়া পুতেলাস। নারী ফুটবলের বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী এই স্প্যানিশ ফুটবলার। ২০২১-২২ মৌসুমের অনবদ্য পারফরম্যান্স তাকে আবারো ব্যালন ডি’অর পুরস্কারে ফেভারিট আসনে বসিয়েছে।
২০১৮ সাল থেকে পুরুষদের পাশাপাশি নারী ফুটবলেও বর্ষসেরা পুরস্কার চালু করে ফ্রেঞ্চ সাময়িকী ফ্রান্স ফুটবল। নারীদের প্রথমবার ব্যালন ডি’অর জেতে ইতিহাস হয়ে আছেন নরওয়ের স্ট্রাইকার অ্যাডা হেগারবার্গ। ২০১৯ সালে ব্যালন ডি’অর জেতেন যুক্তরাষ্ট্রের মেগান র্যাপিনো। ২০২০ সালে কভিড-১৯-এর কারণে পুরুষদের মতো নারীদের ব্যালন ডি’অরও বন্ধ রাখে সংস্থাটি। ২০২১ সালে তৃতীয় ব্যালন ডি’অরটি জেতেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার পুতেলাস।
২০২১-২২ মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন স্পেনের এই মিডফিল্ডার। স্পেনে নারী ফুটবলের সর্বোচ্চ লিগ প্রিমেরা ডিভিশন উইমেন্স লিগে সদ্য শেষ হওয়া মৌসুমে ১৭ গোল করেছেন পুতেলাস। তিনি হয়েছেন মৌসুমের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। সঙ্গে লিগের সর্বোচ্চ ১৬টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে। উয়েফা উইমেন্স চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ১০ গোল করে রয়েছেন শীর্ষে। মার্কা, বিবিসি










