আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ২০২২ সালটি ছিল
সূর্যকুমার যাদবের। ৩১ ম্যাচে ৪৬.৫৬ গড় ও ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১৬৪ রান
তোলা এই ডানহাতি বিস্ফোরক ব্যাটারকেই বর্ষসেরা টি২০ খেলোয়াড় হিসেবে বেছে নিল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুরি বোর্ড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি।
গত বছর একের পর এক রেকর্ড ভেঙেছেন আর নতুন
মাইলফলকে পৌঁছেন সূর্যকুমার। দ্বিতীয় ব্যাটার হিসেবে এক বছরে এক হাজার রান করেছেন
সূর্যকুমার। গতবছর সর্বোচ্চ ৬৮টি ছক্কা মেরেছেন তিনি। দুটি সেঞ্চুরি ও নয়টি
হাফসেঞ্চুরি করেছেন তিনি। তার ব্যাটে ভর করেই টি২০তে উড়েছে ভারত।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০
বিশ্বকাপেও ঝলমলে পারফর্ম করেন সূর্যকুমার। ছয় ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি করেছেন, রানগড় ছিল প্রায় ৬০।
ওই আসরে তার স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮। অবিশ্বাস্য এই পারফরম্যান্সেরই পুরস্কার
মিলল আইসিসির বর্ষসেরা হওয়ার মধ্য দিয়ে।
আইসিসির বর্ষসেরা নারী টি২০ খেলোয়াড় হয়েছেন
অস্ট্রেলিয়ার তালিয়া ম্যাকগ্রা। তিনি ১৬ ম্যাচে ৪৩৫ রান করার পাশাপাশি উইকেট
নিয়েছেন ১৩টি।
আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের
পুরস্কার জিতেছেন ভারতের বোলার রেনুকা সিং। ওয়ানডেতে ৪.৬২ ইকোনোমি গড়ে ১৮ উইকেট ও
টি২০তে ৬.৫০ গড়ে ২২ উইকেট শিকার করেছেন তিনি।
এদিকে, ভারতের আনন্দকে বাড়িয়ে দিয়েছেন পেস বোলার মোহাম্মদ
সিরাজ। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে সরিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরে উঠেছেন
তিনি। গত বছর ২০ ম্যাচে ৩৭ উইকেট নেন তিনি।










