বৃষ্টির কারণে শ্রীলংকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র
একটি ম্যাচ অনুষ্ঠিত হতে পেরেছে। যাতে শ্রীলংকার কাছে হেরেছে বাংলাদেশ। এবার টি২০
ফরম্যাটে শুভসূচনা করল অতিথিরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাফ সেঞ্চুরিতে ভর করে
শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
কলম্বোয় আজ মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে ৬
উইকেটে ১৪৫ রান তোলে সিংহলিজ নারীরা। হার্শিথা সামারাবিক্রমা ৪৪ বলে ৪৫, অধিনায়ক
চামারি আতাপাত্তু ২৮ বলে ৩৮ ও নিলাক্ষী সিলভা ২৮ বলে ২৯ রান করেন। ফাহিমা খাতুন ২০
রানে দুটি উইকেট নেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রাবেয়া
খান একটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে দ্রুতই দুই
উইকেট হারায় বাংলাদেশ। ২৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন শামীমা সুলতানা ও রুবাইয়া
হায়দার। এরপর শোভানা মোস্তারিকে (১৭) নিয়ে ৫১ রানের জুটি গড়ে স্থিতি আনেন নিগার।
মোস্তারির বিদায়ের পর রিতু মনিকে নিয়ে তিনি আরো একটি বড় পার্টনারশিপ গড়েন। চতুর্থ
উইকেটে তাদের ৭১ রান বাংলাদেশের জয় নিশ্চিত করে দেয়। ২৩ বলে ৩৩ রান করে রিতু মনি
যখন আউট হয়ে যান তখন জয় থেকে এক রান দূরে বাংলাদেশ। নিগারকে কেউ আউটই করতে
পারেননি। তিনি ৫১ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।
বাংলাদেশ দলনায়ক ৭টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন।
বৃহস্পতি ও শুক্রবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ও
তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে প্রথম ওয়ানডে ফলহীন ছিল, দ্বিতীয়টি মাঠেই গড়াতে
পারেনি। তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৫৮ রানে হারায় স্বাগতিকরা। দুই বোর্ডের সমঝোতায়
একটি ওয়ানডে আয়োজনের ব্যবস্থা করা হলেও সেটি আইসিসির অনুমোদন পায়নি বলে মাঠে
গড়ায়নি।










