ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মধ্যকার সিরিজের প্রথম টেস্টে আজ দ্বিতীয় দিন মাত্র ৪২.৫ ওভারে পড়েছে ১৬ উইকেট! ৪৪ উইকেটে ৮০ রান দিয়ে দিন শুরু করা প্রোটিয়ারা আরো ২৯ ওভার ব্যাট করে ১৯১ রানে গুটিয়ে যায়। এরপর শ্রীলংকা নিজেদের ইতিহাসে সর্বনিম্ন স্কোর ৪২ রানে অলআউট!
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন ২০.৪ ওভারে ৪ উইকেটে ৮০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। আজ নিয়মিত উইকেট পতনের মধ্যে অধিনায়ক তেম্বা বাভুমা ফিফটি (১১৭ বলে ৭০) করে দলকে ১৯১ রানের পুঁজি এনে দেন। আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারা তিনটি করে ও প্রবথ জয়সুরিয়া দুটি উইকেট নেন।
এরপর মার্কো ইয়ানসেন (৭/১৩), জেরাল্ড কোয়েৎজি (২/১৮) ও কাগিসো রাবাদার (১/১০) ভয়ংকর গতি বলের মুখে ৪২ রানে শেষ সিংহলিজরা। দলীয় ৩২ রানে দাঁড়িয়েই লংকানদের পড়েছে ৪ উইকেট!
৬.৫ ওভার বোলিং করে ৭ উইকেট নেয়া ইয়ানসেন গড়েছেন রেকর্ড। অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বলের পর (১৯০৪) দ্বিতীয় বোলার হিসেবে ৭ ওভারের মধ্যে ৭ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন ইয়ানসেন।
১৩.৫ (৮৩ বল) ওভারে ৪২ রানে অলআউট হয়ে শ্রীলংকাও গড়েছে লজ্জার রেকর্ড। ১০০ বছরের মধ্যে অলআউট হওয়া কোনো দল এত কম বল খেলেনি। ১৯২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ বলে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
টেস্টে এটা শ্রীলংকার সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৭১, যা ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে করেছিল তারা। এছাড়া এটা কিংসমিডে সর্বনিম্ন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বনিম্ন টেস্ট স্কোর। আগের সর্বনিম্ন স্কোর ছিল নিউজিল্যান্ডের। ২০১৩ সালে কেপটাউনে ৪৫ রানে অলআউট হয়েছিল কিউইরা।
১৪৯ রানের লিড পাওয়া প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে তুলেছে ২৬ রান।










