ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির দুর্দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। আজ শনিবার তারা ২-২ গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। এদিকে, আজ স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।
ম্যাচে দু দুবার পিছিয়ে পড়েছিল ম্যানসিটি। প্রথমে আর্লিং হালান্ড ও পরে রিকো লুইসের গোলে কোনোমতে ড্র করতে সমর্থ হয় পেপ গার্দিওলার দল।
৭ ম্যাচে জয়হীন থাকার পর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জিতেছিল ম্যানসিটি। পরের ম্যাচেই আবার হোঁচট খেল সিটিজেনরা। এই ড্রয়ের পর ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে ম্যানসিটি। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। চেলসি ও আর্সেনাল সমান ২৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে।
এদিকে, লা লিগায় দু দুবার লিড নিয়েও জিততে পারেনি বার্সা। ৩৯ মিনিটে রবার্ট লেভানডোভস্কি গোল করে কাতালানদের এগিয়ে দিয়েছিলেন। ৬৮ মিনিটে গোল পরিশোধ করেন জিওভানি লো সেলসো। ৮২ মিনিটে ফেরান তোরেস আবারো এগিয়ে দেন বার্সাকে। এরপর আবারো নাটকীয়তা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসান দিয়াও বেতিসকে আরেকবার সমতায় ফেরান।
এই ড্রয়ের পর ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল রিয়াল, যারা আজ রাতে জিরোনার মুখোমুখি হচ্ছে।










