চট্টগ্রাম জহুর
আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সোমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ
ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজে পরাজিত হলেও এই ম্যাচটিকে গুরুত্বহীন
ভাবছে না স্বাগতিকরা। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিকতায়
রূপ নেয়া এই ম্যাচটি জিততে চায় তামিম ইকবালের দল। আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে
এমন কথাই জানালেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
ম্যাচটি জয়ের
গুরুত্ব নিয়ে প্রশ্নের মুখে ৪৪ বছর বয়সী হেরাথ বলেন, ‘দেখুন, সামনেই আয়ারল্যান্ড
আসছে, এরপর আফগানিস্তান, পরিশেষে বিশ্বকাপ। সব মিলে, ম্যাচটি আমাদের জন্য খুব
গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি হিসেবে এ ম্যাচে আমাদের সেরাটা
প্রদর্শন করতে হবে।’
সিরিজে স্পিনাররা
কেমন করছে? স্পিন কোচের জবাব, ‘প্রথম ম্যাচে আমরা খুব ভালো বোলিং করেছি, বিশেষ
করে, মিরাজ, সাকিব ও তাইজুল। আসলে দ্বিতীয় ম্যাচটা ইংলিশ ব্যাটারদের ছিল। সব মিলে,
সিরিজে স্পিনাররা খুব ভালো করেছে বলে মনে করি।’
মিরপুরে টানা
দুই হার। শক্তিশালী ইংলিশদের বিপক্ষে এখন ঘুরে দাঁড়ানো কতটা কঠিন? হেরাথের জবাব, ‘ঘুরে
দাঁড়ানো কঠিন, তবে আমাদের শক্তভাবে ফিরতে হবে। এই ম্যাচটি জিততে হবে। আমরা সেই
চ্যালেঞ্জটি নিতে যাচ্ছি।’
টেস্টে ৪৩৩
উইকেট শিকারি হেরাথ আরো বলেন, ‘আমি মনে করি, ইংলিশ বাটারদের কৃতিত্ব দিতে হবে।
প্রথম ম্যাচে ডেভিড মালান ও দ্বিতীয় ম্যাচে জেসন রয় দুর্দান্ত সেঞ্চুরি করেছে। আর
আমাদের চেষ্টা করতে হবে কীভাবে সেট হওয়া যায়। ব্যাটারদের বুঝতে হবে, কী ধরণের
চ্যালেঞ্জ তাদের সামনে আসে। আমরা এ নিয়ে কঠোর পরিশ্রম করছি।’
ঢাকার মতো
চট্টগ্রামেও একই ফল হবে বলে মনে করেন না হেরাথ। তিনি বলেন, ‘এটা (সাগরিকা) ঢাকার
চেয়ে ভিন্ন পিচ। কাজেই আমি একই ফল আশা করি না। আশাকরি, আমরা ভালো ফল পাব এখানে।’ তিনি
উল্লেখ করেন, মিরপুরে স্পিনাররা বেশি সুবিধা পায়।
ইংলিশ স্পিনার মঈন
আলী ও আদিল রশিদ গত দুই ম্যাচে ভালো করেছে। তাদের নিয়ে হেরাথের মূল্যায়ন, ‘আমি
মনে করি, এখানে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বলে তাদের অভিজ্ঞতা রয়েছে। সে
কারণেই তারা ভালো করছে। আমার তাদের ব্যাকগ্রাউন্ডও এশিয়ান।’
তৃতীয় ওয়ানডেতে
বোলিংয়ে স্পিনার ও পেসার খেলানো নিয়ে তিনি বলেন, ‘তিনজন স্পিনার খেলানো হবে, নাকি
একজন কম খেলাবেন সেটা কাল ভোরে (সোমবার) ম্যানেজমেন্ট ঠিক করবেন। হয়তো তারা সঠিক
সিদ্ধান্ত নেবেন।’
খারাপ সময় যাচ্ছে
পেসার মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচে ৮ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য, দ্বিতীয়
ম্যাচে ১০ ওভারে ৬৩ রানে উইকেটশূন্য। দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন হেরাথ। তিনি বলেন,
‘মুস্তাফিজ শুরুর ও শেষের এবং মাঝে কিছু ওভার করেন, যে সময়গুলো খুব কঠিন। কাজেই এ
বিষয়টি বুঝতে হবে আমাদের।’
লংকান স্পিন
গ্রেট মনে করেন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই উন্নতি করতে হবে বাংলাদেশ
দলকে।










