বিশ্বকাপ-২০২৬ বাছাইপর্বের ম্যাচে শনিবার ভোরে উরুগুয়ে ও বুধবার ভোরে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চোটের কারণে এ দুটি ম্যাচে একঝাঁক শীর্ষ তারকাকে পাচ্ছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমে ছিটকে পড়েছেন লিওনেল মেসি ও পাওলো দিবালা। সর্বশেষ এ তালিকায় যুক্ত হলেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও চোটের কারণে সরে দাঁড়াতে হলো ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে। তিনি ইন্টারের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েন মার্টিনেজ। ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালের একমাত্র গোলটিও তার করা।
মার্তিনেজ ছিটকে পড়ায় তার জায়গায় দেখা যেতে পারে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ানো সিমিওনেকে। তিনি কোচ দিয়েগো সিমিওনের পুত্র। নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ ও থিয়াগো আলমাদাও ভালো বিকল্প হয়ে উঠতে পারেন স্কালোনির।
এর আগে দলের প্রাণভোমরা মেসিকে নিয়ে দুঃসংবাদ দেয় আর্জেন্টিনা। বাম ঊরুতে ব্যথা পাওয়ায় বাছাইপর্বের ম্যাচ দুটি খেলা হচ্ছে না তার। বাম পায়ে মাংসপেশির চোটে ভুগে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এএস রোমা তারকা দিবালা। বিশ্বকাপ ও কোপাজয়ী দলের সদস্য গঞ্জালো মন্তিয়েল ও জোভান্নি লো সেলসোরও চোটের কারণে এ দুটি ম্যাচে খেলা হচ্ছে না।
শুক্রবার ভোরে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় ৬টা ৪৫ মিনিটে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার।
বিশ্বকাপ বাছাইপর্বে ১২ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২৫। এরপরেই উরুগুয়ে (২০), একুয়েডর (১৯), কলম্বিয়া (১৯), ব্রাজিল (১৮) ও প্যারাগুয়ে (১৭)।










