অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার ফাইনালেও জিতল পাকিস্তান। ফলে শিরোপা বাংলাদেশের কাছ থেকে চলে গেল পাকিস্তানের শোকেসে।
গতকাল দুবাই আইসিসি একাডেমি মাঠে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারায় পাকিস্তান। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৪৭ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। এর মধ্য দিয়ে শিরোপা ধরা দেয় পাকিস্তানের কাছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল পাকিস্তান।
এর আগে সামির মিনহাসের অনবদ্য ইনিংসে ভর করে ৩৪৭ রানের সৌধ গড়ে পাকিস্তান। মাত্র ১১৩ বলে ১৭টি বাউন্ডারি ও ৯ ছক্কায় ১৭২ রান করেন তিনি। এছাড়া আহমেদ হুসাইন ৭২ বলে ৫৬ রান করেন। দিপেশ দেবেন্দ্র ৮৩ রানে ৩টি উইকেট নেন।
গত ১২ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১৪৮ বলে ১৭৭ রান করেছিলেন মিনহাস। শিরোপা নির্ধারণী ম্যাচেও হাসল তার ব্যাট। গতকাল তিনি আরো বেশি আগ্রাসী ছিলেন। রান তুলেছেন ১৫২.২১ স্ট্রাইক রেটে।
এরপর পাকিস্তানের আলী রাজা (৪/৪২), মোহাম্মাদ সাইয়াম (২/৩৮), আব্দুল সুবহান (২/২৯) ও হুজাইফা আহসানের (২/১২) দুর্দান্ত বোলিংয়ের মুখে দেড়শ রানে অলআউট হয়ে যায় ভারত। দুর্দান্ত এক ইনিংস খেলে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হওয়ার পাশাপাশি মোট ৪৭১ রান করে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ও হয়েছেন পাকিস্তানের সামির মিনহাস।
যুব এশিয়া কাপে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান দুবার করে এবং আফগানিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১২ সালে শিরোপা ভাগাভাগি করে ভারত ও পাকিস্তান। এককভাবে এবারই প্রথম শিরোপা জিতল তারা।










