বিশ্বকাপের চিরায়ত বড় দল, চারবারের চ্যাম্পিয়ন ও ছয়বারের ফাইনালিস্ট ইতালিকে ছাড়াই আরেকটি বিশ্বকাপ আসর! ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলা হয়নি বাছাইপর্বের বৈতরণী পার হতে পারেনি বলে। আজ্জুরিরা এবার পার হতে পারল না ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাইপর্বও। ফলে মধ্যপ্রাচ্যের ইতিহাসে হতে যাওয়া প্রথম ফুটবল মহাযজ্ঞে থাকছে না নীল জার্সিধারীরা। দুই আসর মানে ১২ বছর বৈশ্বিক আসরে অনুপস্থিত ইতালি। এ যেন ফুটবল দেবীর চরম নিষ্ঠুরতাই।

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ বাছাই উতরাতে পারেনি আজ্জুরিরা। এরপর একবিংশ শতাব্দীতে এসে পরপর দুবার এমন ট্র্যাজেডির শিকার দলটি। ইউরোপ থেকে সরাসরি কোয়ালিফাই না করতে পারায় তাদের শেষ সুযোগ ছিল ইউরোপিয়ান প্লে-অফ উতরে কাতার বিশ্বকাপের টিকিট কাটা। কিন্তু গত বৃহস্পতিবার রাতে প্লে-অফের সেমিফাইনালে নর্থ মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে যায় তারা।

নিজেদের মাঠ পালেরমোয় অনুষ্ঠিত ম্যাচে অসংখ্য গোলের সুযোগ তৈরি করে একটিও কাজে লাগাতে পারেনি ইতালি।

আগের দুই ব্যর্থতার সঙ্গে জড়িয়ে আছে সুইডেনের নাম। ১৯৫৮ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সুইডেনে। কিন্তু সে আসরে বাছাইপর্বের প্লে-অফ থেকে বিদায় নেয় ইতালি। ২০১৮ বিশ্বকাপে প্লে-অফে দুই রাউন্ডের খেলায় সুইডেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল ইতালি।

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’-তে একসময় শীর্ষে ছিল ইতালি। প্রথম ছয় ম্যাচের ৪টিতেই জয় পায় তারা, বাকি দুটি ড্র। গড়বড় হয়ে যায় শেষ দুই ম্যাচে। নভেম্বরের শুরুতে সুইজারল্যান্ড ও পরে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে টানা ড্র করে গ্রুপে তারা পিছিয়ে পড়ে। ফুটবল বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ ছয়বারের ফাইনালিস্ট এবং দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের ছাড়া আরেকটি আসর ফুটবলীয় সৌন্দর্যকে ম্লান করতে পারে। বিবিসি, ফিফা ডটকম