ব্রাজিলের পর গত ৬০ বছরের মধ্যে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে ফ্রান্স। গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) রাতে মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ফরাসি কোচ দিদিয়ে দেশম জানিয়েছেন, তিনি ‘অত্যন্ত গর্বিত’। 

আরো বলেন, আর্জেন্টিনা, বিশেষ করে লিওনেল মেসির ‘চমকপ্রদ ফর্মে’র বিরুদ্ধে তারা লড়বেন। মেসিকে মোকাবেলা করার উপায় খুঁজে বের করবেন।

দেশমবলেন, আমি অত্যন্ত গর্বিত। ফাইনালে উঠতে পারাটা দারুণ কিন্তু এটা সহজ ছিল না। এ সময় আমাদের উৎকর্ষতা, অভিজ্ঞতা ও দলীয় মনোভাবের মিশ্রণ দরকার ছিল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে অবশ্যই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কারণ প্রতিপক্ষ দল মেসি দ্বারা অনুপ্রাণিত এবং তারা চার বছর আগে শেষ ষোলোতে ৪-৩ গোলে হারের প্রতিশোধ নিতে চাইবে।

দেশম বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই মেসি দুর্দান্ত ফর্মে আছেন। চার বছর আগের বিষয়টি আলাদা। তিনি তখন সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছিলেন। আর এখন ঠিক স্ট্রাইকারের পেছনে থাকবেন।

ষষ্ঠ কোচ হিসেবে দলকে একাধিক বিশ্বকাপ ফাইনালে তোলা দেশম আরো বলেন, মেসি অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তাই আমরা যতটা সম্ভব তাকে মোকাবেলার চেষ্টা করব। ঠিক যেমন আর্জেন্টিনা আমাদের কিছু খেলোয়াড়কে ঠেকানোর চেষ্টা করবে।