কে কাকে পেয়ে পূর্ণ হলো? বিশ্বকাপ মেসিকে নাকি মেসি বিশ্বকাপকে? উত্তর যেটাই হোক, ইতিহাসের শ্রেষ্ঠ ফাইনালের সাক্ষী হলো কাতার। নাটকীয়তা শেষে পরস্পরকে স্পর্শ করল মেসি ও বিশ্বকাপ। ফুটবলের বরপুত্র মেসির সম্মানার্থেই বিশেষ উপঢৌকনের ব্যবস্থা রেখেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। চ্যাম্পিয়ন শিরোপা জয়ের সাথে সাথে তাকে পরিয়ে দিলেন ঐতিহ্যবাহী আরব পোশাক।

মেসির প্রতিকৃতি খচিত কালো পোশাকটির নাম বিশত্। হাজার বছর ধরে আরব ঐতিহ্যে সম্মান, আভিজাত্য ও গৌরবের পোশাক হিসেবে সেখানকার মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিরা পরিধান করে। কাউকে সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে এটি পরিয়ে দেয় হয়। 

কাতারের আমির যখন মেসিকে পোশাকটি জড়িয়ে দিলেন, তখন মেসির মুখ প্রাপ্তির আনন্দে উজ্জ্বল। ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোও দেখেছেন হাসিমুখে।বিশ্বকাপ ট্রফি হাতে তোলে নেয়া থেকে শুরু করে পুরো আর্জেন্টাইন দল নিয়ে উদযাপনের সময় মেসির জার্সির উপরে ছিল বিশত্।শেষের দিকে অবশ্য সরিয়ে নেন মেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন আরব অঞ্চলের সমর্থকেরা। তবে পশ্চিমা বিশ্বে কিছুটা আপত্তি দেখা যায়নি, তা নয়। বিবিসির বিশ্লেষক ও আর্জেন্টিনার ২০১৪ ফাইনাল খেলা সদস্য পাবলো জাবালেতা বলেছেন, কেন? এই কাজটা করার তো প্রয়োজন ছিল না!

অন্য দিকে বিবিসির উপস্থাপক ও বিখ্যাত ব্রিটিশ ফুটবলার গ্যারি লিনেকার বলছেন, এমন দুর্দান্ত একটা মুহূর্তে তার জার্সি ঢেকে দেয়া লজ্জার।

সর্বশেষ ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষা কাটিয়ে মেসি ফিরিয়ে আনলেন সেই উন্মাদনা।

ছবি: এপি