কাতার বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে সার্বিয়ার বিপক্ষে করা ব্রাজিলের রিচার্লিসনের করা গোল। গ্রুপ পর্বের ম্যাচে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে তিনি গোলটি করেছিলেন।
মোট ১০টি গোল নিয়ে সমর্থকদের মতামত চেয়েছিল ফিফা। ভোটাভুটিতে সেখান থেকে রিচার্লিসনের গোলটি সেরা হয়। তালিকায় ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে করা নেইমারের গোল, পোল্যান্ডের বিপক্ষে করা কিলিয়ান এমবাপ্পের গোল এবং মেক্সিকোর বিপক্ষে করা এনজো ফার্নান্দেজের গোল।
এদিকে, বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জয়ের কৃতিত্ব দেখালেন লিওনেল মেসি। ২০১৪ আসরের পর ২০২২ আসরেরও সেরা তিনি। আট বছর আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। সেবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মেসি। গতবার রাশিয়ায় আর্জেন্টিনা শেষ ষোলো থেকে বিদায় নিলে মেসিও খালি হাতে ফেরেন। এবার কাতার বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল ৩৫ বছর বয়সী মেসির হাতে। যদিও ফাইনালে হ্যাটট্রিক করে মেসিকে হারিয়ে ‘গোল্ডেন বুট’
জিতে নেন ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পে।
ফাইনালের আগে সমান ৫ গোল নিয়ে গোল্ডেন বুট ও বলের দৌড়ে ছিলেন মেসি ও এমবাপ্পে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালের ১২০ মিনিটে শুরুটা ছিল মেসির, শেষটা এমবাপ্পের। গোল করেন, করানও মেসি। তাতে এগিয়ে যান গোল্ডেন বুট ও বলের দৌড়ে। যদিও পরে হ্যাটট্রিক করে গোলে তাকে পেছনে ফেলেন এমবাপ্পে। কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় মহানাটকের মহানায়ক মেসির হাতেই উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। আর সর্বোচ্চ ৮ গোল করায় গোল্ডেন বুট জিতে নেন সদ্যই ২৪ বছরে পা দেয়া এমবাপ্পে।
১৯৮২ সাল থেকে আনুষ্ঠানিকভাবে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল দিয়ে আসছে ফিফা। সেই থেকে পুরস্কারটি পেয়েছেন ইতালির পাওলো রসি (১৯৮২), আর্জেন্টিনার
দিয়েগো ম্যারাডোনা (১৯৮৬), ইতালির
সালভাতোর শিলাচি (১৯৯০), ব্রাজিলের
রোমারিও (১৯৯৪) ও রোনালদো (১৯৯৮), জার্মানির
অলিভার কান (২০০২), ফ্রান্সের
জিনেদিন জিদান (২০০৬), উরুগুয়ের
দিয়েগো ফোরলান (২০১০), লিওনেল
মেসি (২০১৪) ও লুকা মডরিচ (২০১৮)। এবার উঠল মেসির হাতে। অর্থাৎ বিখ্যাতদের মধ্যে কেবল মেসিই দুবার গোল্ডেন বল জিতেছেন।
কাতারে সেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনা এমিলিয়ানো মার্তিনেজ, সেরা উদীয়মান খেলোয়াড় একই দেশের এনজো ফার্নান্দেজ, ফিফা ফেয়ার প্লে ট্রফি জিতেছে ইংল্যান্ড দল।










