ইংল্যান্ড
আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৩৩৭ রান তোলার পরই পাকিস্তানের সেমিফাইনালের ক্ষীণ আশাটুকু
শেষ হয়ে যায়। কেননা ওই রান তাদের টপকে যেতে হতো মাত্র ৪০ বলে! সেটি পারলেই কেবল নিউজিল্যান্ডকে
টপকে সেমিফাইনালে উঠতো দলটি। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করা হলো না। কলকাতার ইডেন
গার্ডেনস স্টেডিয়ামে আজ শনিবার ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে এবারের আসর থেকে
বিদায় নিয়েছে বাবর আজমের দল। রান তাড়া করতে নেমে পাকিস্তান ১৫০ রানের মধ্যে ৭ উইকেট
হারিয়ে বসে। পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ৪৩.৩ ওভারে ২৪৪ রানে গিয়ে অলআউট হয় দলটি।
বেন
স্টোকস (৭৬ বলে ৮৪), জো রুট (৭২ বলে ৬০) ও জনি বেয়ারস্টোর (৬১ বলে ৫৯) ব্যাটে ভর
করে ৩৩৭ রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড। হারিস রউফ তিনটি এবং শাহিন শাহ আফ্রিদি ও
মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে বিদায়ী ম্যাচ খেলা পেসার ডেভিড
উইলির তোপের মুখে ১০ রানের মধ্যে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ফখর জামানকে হারায় পাকিস্তান।
বাবর ও মোহাম্মদ রিজওয়ান ইনিংসটা মেরামতের চেষ্টা করছিলেন। যদিও ১০০ রানের মধ্যে
দুজন সাজঘরের পথ ধরেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পতন ঘটে পাকিস্তানের।
হারিস
ও ওয়াসিম শেষ জুটিতে ৩৫ বলে ৫৩ রান করে পাকিস্তানের হারের ব্যবধান কমিয়েছেন।
বর্তমান
বিশ্ব চ্যাম্পিয়নদের ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা তৈরি
হয়েছিল। যদিও টানা দুই জয়ে সেই শঙ্কা তাড়িয়ে স্বস্তিতে দেশে ফিরতে পারছে জস
বাটলাররে দল। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থান নিশ্চিত হলো ইংলিশদের।
পাকিস্তান ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থান পেল। আর তাদের ব্যর্থতায় সেমিফাইনাল
নিশ্চিত করল নিউজিল্যান্ড। বুধবার মুম্বাইতে প্রথম সেমিফাইনালে তারা ভারতের
মুখোমুখি হবে। পরদিন কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ
আফ্রিকা।










