আরবি লিপজিগকে ৭-০
গোলে বিধ্বস্ত করে দুই লেগ মিলে ৮-১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের
কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে একাই ৫ গোল করে
প্রশংসায় ভাসছেন ম্যানসিটির নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং ব্রাউট হালান্ড। এর মধ্য
দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ও কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ৩০ গোল করার কীর্তিও
গড়লেন তিনি।
২২ মিনিটে
পেনাল্টি থেকে গোল করার মধ্য দিয়ে হালান্ডের গোল উৎসবের শুরু। এরপর ২৪ মিনিটে
ব্যবধান ২-০ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। ম্যাচের ৫৩
ও ৫৭ মিনিটে আরো দুবার লক্ষ্যভেদ করেন দীর্ঘদেহী এই খেলোয়াড়। সিটি অধিনায়ক ইকাই
গুন্দোয়ান ৪৯ মিনিটে ও কেভিন ডি ব্রুইন ৯০ মিনিট শেষের যোগ করা সময়ে লিপজিগের
কফিনে শেষ পেরেক ঠুকে দেন (৭-০)।
চ্যাম্পিয়ন্স লিগে
২৫ ম্যাচে ৩৩ গোল করে ফেললেন হালান্ড। ২২ বছর ২৩৬ দিন বয়সে তিনি ৩০ গোল টপকে যান,
যা আগের রেকর্ডধারী কিলিয়ান এমবাপ্পের চেয়ে ১১৬ দিন কম।
চলতি মৌসুমে এরই
মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করলেন হালান্ড, যা ম্যানসিটির ইতিহাসে এক মৌসুমেও
আগে কেউ করতে পারেনি। ইউরোপের এলিট এই প্রতিযোগিতায় ওয়েন রুনি, কাকা কিংবা স্যামুয়েল
এতোর মতো গ্রেটের চেয়েও বেশি গোল হয়ে গেল তার।
গত মৌসুমে হালান্ড খেলেছেন জার্মান ক্লাব
বরুশিয়ায়, যে ক্লাবটির কোচ ছিলেন মার্কো রোজ। এবার তিনি লিপজিগের কোচ। সাবেক বসের
হৃদয় ক্ষতবিক্ষত করেই এবার তার দলের বিপক্ষে ৫ গোল করলেন হালান্ড। এর মধ্য দিয়ে
রেকর্ড বুকটাও নতুন করে লিখলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে
চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে ৫ গোল করার কৃতিত্ব দেখালেন হালান্ড। এক ম্যাচে ৫
গোল করার কীর্তি আছে আর মাত্র দুজনের—আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি ও ব্রাজিল
ফরওয়ার্ড লুইজ আদ্রিয়ানো। ২০১২ সালে জার্মান দল বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল
করেছিলেন মেসি, আর ২০১৪ সালে বিএটিই বরিসভের বিপক্ষে ৫ গোল করার কীর্তি গড়েছিলেন
তখন শাখতারে খেলা লুইজ আদ্রিয়ানো।
২২ বছর বয়সী হালান্ড চলতি মৌসুমে সিটির
জার্সিতে সব মিলে করলেন ৩৯ গোল। সিটির প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে এত বেশি গোল
করলেন এই নরওয়েজিয়ান বিস্ময়কর খেলোয়াড়। টমি জনসনের সর্বোচ্চ গোলের ৯৪ বছরের পুরনো
রেকর্ড ভাঙার পরও ছুটছেন হালান্ড। তার ৫টি হ্যাটট্রিকও শীর্ষ ৫ লিগের মধ্যে
যেকোনো কারো চেয়ে ৩টি বেশি।
জয় শেষে বিটি স্পোর্টসকে হালান্ড বলেছেন, ‘গোল
করাই আমরা শক্তির জায়গা। এর মধ্যে অনেকই হয়ে থাকে দ্রুততম সময়ে মনস্থির করার ফলে
এবং যেখানে গোলকিপার থাকে না সেখানে বল পাঠানোর মধ্য দিয়ে। আসলে উদযাপনের পর আমি
ক্লান্ত হয়ে পড়ি।’
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বপ্নটা কি
অবশেষে পূরণ হতে চলল ম্যানইউর? হালান্ডের হাত ধরেই কি শিরোপা জিতবে ম্যানসিটি? এমন
প্রশ্নে জবাবে সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে আমরা সব সময়ই
গোল করি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল, মোনাকোর বিপক্ষে ছয় গোল ও টটেনহামের
বিপক্ষে চার গোল করেছি আমরা। আসলে গোল করা তো সমস্যা নয়, সমস্যা হলো নির্বোধের মতো
গোল হজম করা।’
মঙ্গলবার রাতে পর্তুগিজ দল এফসি পোর্তোর
মাঠে গোলশূন্য ড্র করেও কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মিলান। প্রথম লেগে তারা
জিতেছিল ১-০ গোলে।
এদিকে, আজ রাতে রিয়াল মাদ্রিদের মাঠে
লিভারপুলের ‘মিশন ইম্পসিবল’। ঘরের মাঠে ২-৫ গোলে পরাজিত অল রেডরা আজ অগ্নিপরীক্ষায়
নামছে। যদিও লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লোপ বলেছেন, তার দলের সম্ভাবনা ১%।
অন্য ম্যাচে নাপোলি ঘরের মাঠে খেলবে
এনট্র্যাখট ফ্রাংকফুর্টের বিপক্ষে। প্রথম লেগে ২-০ গোলে জিতেছে নাপোলি।










