ওয়ানডে ক্রিকেট ইতিহাস মাত্র দশম ও শ্রীলংকার প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়লেন শ্রীলংকার পাথুম নিশাঙ্কা। শুক্রবার পাল্লেকেলেতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তিনি ১৩৯ বলের মোকাবেলায় ২১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তাতে শ্রীলংকা ৩ উইকেটে ৩৮১ রানের সৌধ গড়ে। জবাবে আফগানিস্তান ৬ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করে।

ওপেনিং জুটিতে আভিস্কা ফার্নান্দোকে নিয়ে ১৮২ ও তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে আরেকটি শতরানের জুটি গড়েন পাথুম। এ পথে ৮৮ বলে ১০০ ও ১৩৬ বলে ২০০ রান পূর্ণ করেন তিনি। ২০টি চার ও ৮টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া ফার্নান্দো ৮৮ বলে ৮৮ ও সামারাবিক্রমা ৩৬ বলে ৪৪ রান করেন।

এটা ওয়ানডে ক্রিকেটের ১২তম আর যুগ্মভাবে পঞ্চম সর্বোচ্চ ওয়ানডে স্কোর। তার সমান ২১০ রানের ইনিংস আছে ভারতের ইশান কিশান ও পাকিস্তানের ফখর জামানের। ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন ইশান। আর ফখর জামান ২০১৮ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬ বলে ২১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। 

২০১৪ সালে ইডেন গার্ডেনসে শ্রীলংকার বিপক্ষে ২৬৪ রানের দানবীয় ইনিংস খেলেছিলেন ভারতের রোহিত শর্মা। সেটিই ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। রোহিতের আছে ২০৯ ও ২০৮ রানের আরো দুটি স্কোর। এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ভারতের বিরেন্দর শেবাগ, শুভমান গিল, শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের ফখর জামান ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল দুশর চূড়া ছুঁয়েছেন। 

২৫ বছর বয়সী পাথুম নিশাঙ্কার এটি ছিল ৫০তম ওয়ানডে ম্যাচে। এর আগে তিনি ৪৯টি ওয়ানডে ম্যাচে তিনটি সেঞ্চুরি করেন, সর্বোচ্চ স্কোর ১৩৭। এছাড়া ৯ টেস্টে করেছেন একটি সেঞ্চুরি।  

ওয়ানডের ১২টি ডাবল সেঞ্চুরিই এসেছে ২০১০ সালের পর। ২০১০ সালে ভারতের গোয়ালিয়রে ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করেন ভারতের ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী পেস বোলিংকে কচুকাটা করে তিনি ডাবল সেঞ্চুরির গোড়াপত্তন করেন। পরের বছর তার সতীর্থ বিরেন্দর শেবাগ ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ২১৯ রানের রাজসিক ইনিংস। এরপর এ ক্লাবে নাম লিখিয়েছন আরো আটজন। সর্বশেষ পাথুম নিশাঙ্কা।