ঢাকায় তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, দুই দেশের লড়াই চলছে হারারেতেও। নারী বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বে আজ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২০১ রান তুলেছে পাকিস্তানের মেয়েরা।


টস জিতে আগে ফিল্ডিং নেয়া বাংলাদেশ ৪৯ রানের মধ্যে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সফলতা দেখায়। যদিও এরপর নিদা দার ও আলিয়া রিয়াজের অনবদ্য ব্যাটিং প্রদর্শনী বাংলাদেশকে হতাশ করে। এ দুজন ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়ার পাশাপাশি চ্যালেঞ্জের মুখে ফেলেন বাংলাদেশকে। নিদা দার ১১১ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮৭ এবং আলিয়া রিয়াজ ৮২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন।


বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ২৫ রানে ও রিতু মনি ৩৬ রানে দুটি করে উইকেট নেন। এছাড়া সালমা খাতুন ৩২ রানে ও রুমানা আহমেদ ৪০ রানে একটি উইকেট নেন।


বাছাইপর্বে অংশ নিচ্ছে ৯টি দেশ। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। দুই গ্রুপ থেকে শীর্ষ ৬টি দল খেলবে সুপার সিক্স পর্বে। সেখানে লড়াইশেষ শীর্ষ তিনটি দল নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পাবে। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার।