বায়ার্ন মিউনিখ
কোচ হুলিয়ান নাগেলসম্যান চান চার দল আজ প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) থামাবে। পিএসজির
হয়ে গোলের রেকর্ড গড়া কিলিয়ান এমবাপ্পে চান ফরাসি জায়ান্টদের হয়ে আরো গোল করে
দলকে অভিষ্ঠ লক্ষ্যে নিয়ে যেতে। প্রথম লেগে পিএসজির মাঠে ১-০ গোলে জিতেছে
বাভারিয়ানরা। স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ তাই মেসি ও এমেবাপ্পেদের পিএসজির জন্য জয়ের
বিকল্প নেই। এই বাস্তবতায় আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে
বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে নামছে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ রাত ২টায়।
প্রথম লেগে
পিএসজিকে হারিয়েছেন পিএসজিরই সাবেক খেলোয়াড় কিংসলে কোমান। তার একমাত্র গোলে প্যারিস
থেকে মূল্যবান জয় নিয়ে ফেরে জার্মানরা। আজ এই এক গোলের লিড ধরে রাখার চ্যালেঞ্জের
মুখে পড়বে স্বাগতিক দলটি। গ্রুপ পর্বে বার্সেলোনা কিংবা ইন্টার মিলানের মতো দলও
বায়ার্নের বিপক্ষে গোল করতে পারেনি। আজও কি গোলবার অক্ষত রাখতে পারবে জার্মান
দলটি?
তবে আজ কাজটা
কঠিন হবে বলেই মনে করেন বায়ার্ন কোচ নাগেলসম্যান। তিনি বলেন, ‘আমাদের ও পিএসজি
উভয় দলেরই আক্রমণে গতি আছে। তারা যখন বলের দখলে থাকবে তখন আমরা চড়াও হবো এবং প্রথম
মিনিট থেকেই আক্রমণে যাব। দ্বিতীয় লেগে তারা যাতে গতির ব্যবহার করতে না পারে, সেটি
প্রতিরোধ করব আমরা। আপনি যদি তাদের অ্যাটাকারদের অনেক বেশি জায়গা করে দেন, তবে তারা
ফুটবল দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে এবং তখন তাদের সামলানো কঠিন হয়ে পড়বে।’
ইউরোপের অন্যতম
সেরা এই দুই দলের যেকোনো একটির এবার দ্রুতই বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। ২০১৮-১৯
মৌসুমে উভয় দলই ইংলিশ দলের কাছে হেরে বিদায় নিয়েছিল। এবার শেষ ষোলো থেকে বিদায় ঘটবে।
আর দল বিদায় নিলে কোচকেও বিদায় নিতে হতে পারে। তিনি কি নাগেলসম্যান, নাকি পিএসজি
কোচ ক্রিস্টোফ গালতিয়ার?
আজ লন্ডনে
টটেনহামের মুখোমুখি ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। প্রথম লেগে ১-০ গোলের জয় পায়
সাতবারের ইউরোপসেরা এসি মিলান। এদিকে, মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে
চেলসি ও বেনফিকা। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলে
২-১ গোলের অগ্রগামিতা) চেলসি ও বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে ৫-১ গোলে হারিয়ে (দুই লেগ
মিলে ৭-১ গোলের অগ্রগামিতা) পর্তুগিজ ক্লাব বেনফিকা।










