অধিনায়ক লিওনেল মেসি ছিলেন না। তাকে ছাড়াই এল সালভাদরকে সহজে হারাল আর্জেন্টিনা। আজ শনিবার ভোরে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড মাঠে ফিফা প্রীতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে।

 

২০২৪ সালে আর্জেন্টিনার প্রথম ম্যাচে গোল করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো।

 

১৬তম মিনিটে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন রোমেরো। চেলসি মিডফিল্ডার এনজো প্রথমার্ধের বিরতির কয়েক মিনিট আগে ব্যবধান ২-০ করেন। লো সেলসোর ভলিতে বল দিক পাল্টে এনজোর কাছে গেলে তিনি লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ৫২ মিনিটে লো সেলসো আরেকবার আর্জেন্টিনার লিড বাড়িয়েছেন। লাউতারো মার্টিনেজের থ্রু পাস থেকে গোলটি করেন তিনি। প্রথমে এল সালভাদরের গোলকিপার মারিও গঞ্জালেজকে পরাস্ত করেন, এরপর বাম পায়ের শটে বলকে জালে পাঠান তিনি।

 

হ্যামস্ট্রিং চোপে পড়ায় নিয়মিত অধিনায়ক মেসিকে এই ম্যাচে পায়নি আর্জেন্টিনা। গত ১৩ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচ খেলার সময় চোপে পড়েন সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরওয়ার্ড। তার অনুপস্থিতিতে আর্জেন্টিনাকে এই ম্যাচে নেতৃত্ব দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

 

আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসে আরেকটি প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই প্রীতি ম্যাচগুলো খেলে আগামী জুন মাসে অনুষ্ঠেয় কোপা আমেরিকা টুর্নামেন্টের প্রস্তুতি সারবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।