জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো শিরোপা জিতল সিলেট বিভাগ। ২৬তম আসরে এসে এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করল সিলেট। আগে বরিশালকে হারিয়ে নিজেদের কাজ সেরে রাখে সিলেট। এরপর রংপুর ও ঢাকা মেট্রো ম্যাচ ড্র হলেই সিলেটের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। এক রাউন্ড বাকি থাকতেই শিরোপা নিজেদের করে নিল সিলেট। আগের দুই আসরে রানার্স-আপ হয় দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে রংপুর ও মেট্রোর লড়াইয়ে চার দিনে খেলা হয়েছে মোটে তিন ইনিংস। মেট্রোর প্রথম ইনিংসে করা ৪৭৫ রানের জবাবে আজ মঙ্গলবার ৩০১ রানে অলআউট রংপুর। ১৭৪ রানের লিড পাওয়া মেট্রো দ্বিতীয়বারে গুটিয়ে যায় ১১৮ রানে। এরপর আর বেশি সময় বাকি না থাকায় ড্র মেনে নেয় দুই দল।

ছয় ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রংপুর। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চারে ঢাকা মেট্রো। সর্বোচ্চ ৩৭ পয়েন্ট নিয়ে শিরোপা জিতল সিলেট।

জাতীয় লিগে সর্বোচ্চ সাতবার করে শিরোপা জিতেছে ঢাকা ও খুলনা। এছাড়া রাজশাহী জিতেছে ছয়বার।

এবার দলগলো এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে নামছে। ১০ ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরুর কথা রয়েছে। গত শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। এর টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক, পাওয়ার্ড বাই ওয়ালটন।