ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে গতকাল বাংলাদেশ সেনাবাহিনী ৪০ রানে অল-স্টারসকে হারিয়েছে।
পুলিশ স্টাফ কলেজ মাঠে সেনাবাহিনী টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৫তম ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে উদ্বোধনী জুটিতে ওঠে ৫৩ রান। ৮৯, ৯০ ও ৯৯ রানে পরপর তিন উইকেট হারিয়ে দলটি দ্রুতই চাপে পড়ে যায়। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২১০ রান তোলে সেনাবাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করেন সোহানুর রহমান। ৬২ বলের ইনিংস সমৃদ্ধ ছিল দুটি বাউন্ডারি ও এক ছক্কায়। ৪৩ বলে ৪২ রান সংগ্রহ করেন মো. রাফিউদ্দিন আহমেদ। ফয়সাল কবির (২৩), সাইফুল ইসলাম (২২), আরিফুর জামান রিয়াদের (২১) ইনিংসগুলো দলীয় সংগ্রহকে সমৃদ্ধ করেছে। অল-স্টারসের আশরাফুল জাহিদ ৩০ রানে ও মুরাদ হোসেন আজাদ ৫১ রানে দুটি করে উইকেট নিয়েছেন।
জবাবে দ্বিতীয় ওভারে রানা কুমার রায়কে হারিয়ে ধাক্কা খায় অল-স্টারস। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তানিম রিজওয়ানের ৪২ রানের ইনিংস ছিল দলীয় সর্বোচ্চ। আশরাফুল জাহিদ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান। সাজ্জাদ আলম ও ইমরুল বাশার দুজনের সংগ্রহ ছিল ১৩ রান। শেষ পর্যন্ত ৩৮ ওভারে ১৭০ রানে অলআউট অল-স্টারস। উজ্জ্বল মিয়া ২৭ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন।










