শনিবার রাতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচে কী ঘটে তা দেখতে বিশ্বের নানা প্রান্তে টিভিতে চোখ রেখেছিলেন কোটি কোটি মানুষ। আর সরাসরি মাঠে বসে খেলা দেখেছেন ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক, যা গত ২৮ বছরের মধ্যে বিশ্বকাপের কোনো ম্যাচে সর্বোচ্চ। উল্লেখ্য, এই দর্শকের বেশিরভাগই গলা ফাটিয়েছেন লিওনেল মেসিদের জন্য।

 

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল বসেছিল ক্যালিফোর্নিয়ার পাসাদেনার রোজ বোল স্টেডিয়ামে। ব্রাজিল ও ইতালির ফাইনাল ম্যাচ দেখেছিলেন ৯১ হাজার ১৯৪ জন দর্শক। সেই ফাইনালে টাইব্রেকারে ইতালিকে হারিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপ ম্যাচে দর্শকের হিসেবে তার পরেই এখন আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ।

 

দোহার ২০ কিলোমিটার উত্তরের লুসাইল আইকনিক স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, ১৮ ডিসেম্বর সেখানেই ফাইনাল। তবে ফাইনাল কিংবা সেমিফাইনালের আগেই রেকর্ড দর্শক হলো লুসাইলে।

 

যদিও দর্শকের হিসেবে গতকালের এই সংখ্যা শীর্ষ ৩০-এ জায়গা পায়নি। ১৯৫০ সালে রিওর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল ও উরুগুয়ের ফাইনাল দেখেছিলেন ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন দর্শক। ওই ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছিল উরুগুয়ে। সেটা এখনো ‘মারাকানার কান্না’ নামেই খ্যাত। 

 

শীর্ষ ত্রিশের মধ্যে অন্যতম মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়াম, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম ও বার্সেলোনার ক্যাম্প ন্যু।