ডারবানে প্রথম টেস্টে ২২০ রানে হার মানা
বাংলাদেশ পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টেও বড় হারের মুখে পড়েছে। আজ রোববার ৪১৩
রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন মাঠ ছেড়েছে মুমিনুল
হকের দল।
১৪ উইকেট পতনের দিনে আজ দুবার ব্যাটিংয়ে
নামতে হয়েছে বাংলাদেশকে। দুবারই বিপর্যস্ত অতিথি দলটি। প্রথম ইনিংসে গতকাল ২৫ রানে
শেষ ৫ উইকেট হারিয়ে ২১৭ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। আর তৃতীয় সেশনের একেবারে
শেষ দিকে বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের তিনজনকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
এতে সেন্ট জর্জেস পার্কে প্রথমবারের মতো খেলতে নেমে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি
তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।
বাংলাদেশকে ২১৭ রানে অলআউট করে সুযোগ পেয়েও
ফলো-অন করায়নি
প্রোটিয়ারা। এরপর পৌঁনে দুশর মতো রান তুলে মুমিনুলদের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়
স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেয়া স্পিনার তাইজুল ইসলাম আজও নিয়েছেন ৩
উইকেট। সঙ্গে মেহেদী হাসান মিরাজ দুটি ও খালেদ আহমেদ একটি উইকেট নেন। এরপরও
বাংলাদেশকে বড় টার্গেট দিতে অসুবিধা হয়নি স্বাগতিকদের। ৬ উইকেটে ১৭৬ রান তুলে
দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন ডিন এলগার। প্রথম ইনিংসের বড় লিডের কল্যাণে বাংলাদেশের
সামনে ৪১৩ রানের বিশাল টার্গেট দিতে সমর্থ হয় তারা।
এর আগে ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে কাল সকালে
ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দুশর কাছাকাছি নিয়ে বিচ্ছিন্ন হন মুশফিক ও ইয়াসির। ষষ্ঠ
উইকেটে ১৭২ বল খেলে ৭০ রান যোগ করেন এ দুজন। তাদের দৃঢ়তায়ই সকালের প্রথম ঘণ্টায়
কোনো উইকেট নিতে পারেনি প্রোটিয়ারা। যদিও পরের এক ঘণ্টায় দারুণ সফলতা পায় এলগারের
দল। এ সময় তারা তুলে নেয় মুশফিক ও ইয়াসির দুজনকেই। এ দুজনের বিদায়ে স্বাগতিকরা
স্বস্তি পেলেও বিপদে পড়ে অতিথিরা। এরপর হুড়মুড় করে ভেঙে পরে বাংলাদেশের ব্যাটিং
লাইনআপ। ১৯২/৫ থেকে দেখতে না দেখতেই স্কোরটা হয়ে যায় ২১৭/১০।










