গত মৌসুমে (২০২০-২১) বড় অংকের লোকসান করেছে ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ সময় তাদের লোকসান হয়েছে ২২ কোটি ৪৩ লাখ ইউরো। ২০১৯-২০ মৌসুমে লোকসান ছিল ১২ কোটি ৪২ লাখ ইউরো। তখন অবশ্য কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চেই মৌসুম শেষ হয়ে গিয়েছিল, কভিডের প্রভাব ছিল গত মৌসুমেও।

এ তথ্য দিয়েছে ন্যাশনাল ডিপার্টমেন্ট অব কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট (ডিএনসিজি)।

২০২০-২১ মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগের ক্লাবগুলো সম্মিলিতভাবে ৬৪ কোটি ৬০ লাখ ইউরো লোকসান করেছে, যার মধ্যে ৩৫ শতাংশই পিএসজির। পিএসজির কাছাকাছি অবস্থানে রয়েছে অলিম্পিক লিওঁ (১০ কোটি ৭০ লাখ ইউরো), মার্সেই (৭ কোটি ৬০ লাখ ইউরো) ও বোর্দে (৬ কোটি ৭০ লাখ ইউরো)।

বিরাট অংকের লোকসানের অন্যতম কারণ করোনার সময় ম্যাচ থেকে রাজস্ব ৯৫ শতাংশ কমে যাওয়া। এ সময় সরকারের বিধিনিষেধের কারণে দর্শক মাঠে আসতে পারেনি। তাই এ খাত থেকে এসেছে মাত্র ৭৯ লাখ ইউরো। এ সময় সম্প্রচার-স্বত্ব থেকে আয় ২১ শতাংশ বেড়ে হয়েছে ৮৩ কোটি ৫৭ লাখ ইউরো।

খরচের খাতে চোখ বোলালে দেখা যায়, স্টাফদের পেছনে খরচ ৯ শতাংশ বেড়ে হয়েছে ১২৪ কোটি ইউরো। পেশাদার খেলোয়াড়দের পেছনে ক্লাবগুলোর খরচ ৯৩ কোটি ৪৪ লাখ ইউরো, যা বেড়েছে ৯ শতাংশ। আবার হেড কোচ ও কোচিং স্টাফের সদস্যদের জন্য ক্লাবের খরচ ১২ কোটি ৪৬ লাখ ইউরো। মার্কা