নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বাঙ্গিতে আজ শনিবার আগে ব্যাটিং করতে নামা নেপালকে ৫২ রানে অলআউট করে দেয় বাংলাদেশের মেয়েরা। এরপর ১৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সুমাইয়া আক্তারের দল।

নেপালকে শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। জান্নাতুল মাওয়া দুটি এবং নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার একটি করে উইকেট নেন। নেপালের সানা প্রবীন সর্বোচ্চ ১৯ রান করেন ৩২ বলের মোকাবেলায়। সীমানা কেসি করেন ১০ রান। এরপর সাদিয়া ইসলাম (১৬) ও সুমাইয়ার (১২) ব্যাটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়াকে মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার মেয়েরা আজ উদ্বোধনী দিন স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে। তারা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আগে ব্যাটিং করে ৪৮ রানে শেষ স্কটল্যান্ড। মাত্র ১ উইকেট হারিয়ে ৬.৪ ওভারে জয় নিশ্চিত করে অজি মেয়েরা।

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। অবশ্য ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিল লাল-সুবজ জার্সিধারী মেয়েরা। সেই দলের খেলোয়াড় সুমাইয়া আক্তার এবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন।