মুম্বাই টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজল্যান্ডকে ৫৪০ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা। বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন শেষ দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ১৪০ রান করেছে কিউইরা। 

জয়ের জন্য আরো প্রয়োজন ৪০০ রান। হ্যানরি নিকোলস ৩৬ ও রাচিন রবিন্দ্র ২ রানে অপরাজিত আছেন। ব্যক্তিগত ৬০ রানে ফিরে গেছেন ড্যারিল মিচেল। 

এছাড়া টম লাথাম ৬, উইল ইয়ং ২০, রস টেলর ৬ ও টম ব্লান্ডেল ০ রানে ফেরেন। ভারতের হয়ে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও অক্ষর প্যাটেল একটি উইকেট নেন।

এর আগে আজ তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ২৭৬ রান তুলে ইনিংস ঘোষণা দেয় ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মায়াঙ্ক আগারওয়াল দ্বিতীয় ইনিংসে করেন ৬৭ রান। 

এছাড়া চেতশ্বর পূজারা ৪৭, শুবমান গিল ৪৭ ও বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৩৬ রান। প্রথম ইনিংসে ১০ উইকেট পাওয়া এজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চারটি উইকেট। রাচিন রবিন্দ্রের শিকার তিন উইকেট।

প্রথম ইনিংসে ভারত করেছিল ৩২৫ রান। নিউজল্যান্ড করে মাত্র ৬২ রান।