ব্রাজিলিয়ান টিনএজ ফুটবলার এনড্রিককে পালমেইরাস থেকে সই
করিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের আগামীর সুপারস্টার ১৬ বছর
বয়সী এনড্রিক ২০২৪ সালের জুলাই মাসে রিয়ালের যোগ দেবেন, যখন তার বয়স ১৮ বছর পূর্ণ হবে। ফিফার নিয়মে ১৮ বছরের কম
বয়সী কোনো বিদেশি খেলোয়াড়কে দলভুক্ত করা যায় না।
এনড্রিকের জন্য পালমেইরাসকে ৭০ মিলিয়ন ইউরো দেবে রিয়াল
মাদ্রিদ, যা ব্রাজিলিয়ান ফুটবলার কেনায় রিয়ালের রেকর্ড
চুক্তি। এর আগে ২০০৯ সালে এসি মিলান থেকে কাকাকে ৬৭ মিলিয়ন ইউরোয়, ২০১৯ সলে পোর্তো থেকে এডের মিলিতাওকে ৫০ মিলিয়ন ইউরোয়, ২০১৭ সালে ফ্লামেঙ্গো থেকে ভিনিসিয়ুস জুনিয়রকে ৪৫ মিলিয়ন
ইউরোয় ও ২০১৮ সালে স্যান্টোস থেকে
রদ্রিগোকে ৪৫ মিলিয়ন ইউরোয় কিনেছে রিয়াল।
জানা গেছে, আগামী সপ্তাহে
রিয়ালের স্পোর্টস ফ্যাসিলিটিজ দেখতে স্পেন যাবেন এনড্রিক।
পালমেইরাসের ওয়েবসাইটে এনড্রিক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আজ আমি যা তা হয়ে উঠতে সাহায্য করায় এবং আমার স্বপ্নপূরণে
সহযোগিতা করে যাওয়ায় পালমেইরাসকে ধন্যবাদ জানাতে চাই। আমার আরেকটি স্বপ্ন সত্যি
হতে চলেছে। পালমেইরাসের হয়ে আমি যেভাবে মাঠে নিজেকে নিংড়ে দিয়েছি, রিয়ালেও ঠিক সেভাবেই খেলার চেষ্টা করব।
পালমেইরাসের ইতিহাসে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় ও গোলদাতা
এনড্রিক ব্রাজিলিয়ান সিরি-এ লিগে সাত ম্যাচ খেলে তিনটি গোল করেছেন। তিনি
এখন খেলেন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলে।
পালমেইরাসের প্রেসিডেন্ট লাইলা পেরেইরা বলেন, আমরা ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের সর্ববৃহৎ চুক্তি সম্পন্ন করেছি। রিয়াল যে
প্রস্তাব দিয়েছে তা এনড্রিকের মতো অমিত সম্ভাবনাময় ও মেধাবী খেলোয়াড়ের জন্য
উপযুক্ত।










