আগের ম্যাচে তানজিদ হাসান তামিমকে নিয়ে রেকর্ড বই ওলট-পালট করে দেয়া লিটন কুমার দাস আজ ফরচুন বরিশালের বিপক্ষে ১৭ বল মোকাবেলায় ১৩ রান করে ফিরে যান সাজঘরে। এরপর তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে ১৩৯ রানের পুঁজি পায় ঢাকা। যদিও এই রান দিয়ে বরিশালকে আটকাতে পারেনি তারা। তামিম ইকবালের ফিফটিতে ভর করে ৮ উইকেটের সহজ জয় পায় বরিশাল। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তামিম। ইংলিশ ব্যাটার ডেভিড মালান চলতি মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই ৪৯ রানের হার না মানা ইনিংস খেলে বরিশালের জয়ে অবদান রাখেন।

দলীয় ৮ রানে নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে তামিম ও মালান ৮০ বলে ১১৭ রান তুলে দলের জয় প্রায় নিশ্চিত করেন। পাকিস্তানি খেলোয়াড় জাহানাবাদ খান ৪ বলে ১৩ রান করে বরিশালের বড় জয় নিশ্চিত করেন। ৮ উইকেট ও ২৪ বল বাকি থাকতে জয় পেয়েছে বরিশাল।

এর আগে তানজিদ ৪৪ বলে ৬২ রান করে ঢাকার মান বাঁচান। তানভীর ইসলাম ৩৯ রানে ৩টি ও ফাহিম আশরাফ ২৩ রানে ২টি উইকেট নেন।

এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করেছে বরিশাল। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে তামিমের দল। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। ৪ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম কিংস আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্সের।