এক মাস সিয়াম সাধনার পর গতকাল ঈদুল ফিতর উদযাপন করেন বাংলাদেশের মুসলমানরা। এদিন অন্য সবার মতোই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে ওঠেন ক্রীড়াঙ্গনের তারকারা। তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন সমর্থকদেরও।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ, বর্তমান দলের সিনিয়র পেস বোলার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করছেন আনন্দঘন পরিবেশে। তারা প্রত্যেকেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশবাসী ও সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াও ঈদের শুভেচ্ছা জানান সবাইকে।
সদ্যই হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল। গত শুক্রবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এরই মধ্যে এসে পড়ে ঈদুল ফিতর। বাসায় পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা তামিম সমর্থকদের ভুলে যাননি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করে তামিম ইকবাল লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’
ঈদ উদযাপনের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করেন সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ রিয়াদ। পাঞ্জাবি পরে ঈদের নামাজে যাওয়ার আগ মুহূর্তে একটা ছবি তুলে পোস্ট দিয়ে লিখলেন, ‘সুন্দর ঈদের সকাল।’
জাতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারকাতুহু। তাকাব্বাল্লাহু মিনহা ওয়া মিনকুম। হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। আমাদের জীবনের গুনাহ মাফ করে সাফল্য এনে দিন। ঈদ মোবারক।’
তিন প্রজন্মের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তাসকিন আহমেদ। বাবা ও পুত্রের সঙ্গে বাড়ির ছাদে ছবিটি তুলেছেন বাংলাদেশ দলের কৃতী পেস বোলার। লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা জামাল ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা ও কন্যাসন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। এটি ইনায়ার প্রথম ঈদ উদযাপন।’
সদ্যই বাংলাদেশ দলে অভিষেক ঘটা ব্রিটেন প্রবাসী হামজা চৌধুরী রোববার রাতে বাফুফের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সবাইকে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছো। আল্লাহ যেন আমাদের সবার জীবনে শান্তি বর্ষণ করেন। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা শেখ মোরসালিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহর পথনির্দেশনা ও আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের সঙ্গে থাকুক।’

মেহেদী হাসান মিরাজ ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আনন্দ উদযাপন হলো একটু ভিন্নমাত্রার। ঈদের আগের সন্ধ্যায় ছোটবেলার বন্ধুদের সঙ্গে সময় কাটালেন তিনি। দিলেন জম্পেস আড্ডা। সেই ছবি ফেসবুকে দিয়ে শান্ত লিখেছেন, ‘ছোটবেলার বন্ধুদের সঙ্গে ভালো একটা সময় কাটালাম। আমাদের সবাইকে ঈদ মোবারক। আপনার হৃদয় ভালোবাসা ও শান্তিতে ভরে উঠুক।’ গতকাল ঈদের দিন স্ত্রী, পুত্র ও বাবার সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন তিনি। শুধু লিখেছেন, ‘ঈদ মোবারক’।
বামহাতি পেস বোলার মোস্তাফিজুর রহমান ঈদ করেছেন গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে। ঈদের নামাজ আদায় করার পর ছবি তুলেছেন বাবা, ভাই, ভাতিজা-ভাতিজি ও অন্যদের সঙ্গে। লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা।’
ক্রিকেটার তাওহীদ হৃদয় বাবার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কী লাগে!! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’
এছাড়া সাফজয়ী নারী ফুটবলার সানজিদা খাতুন, সাবিনা খাতুন, মাসুরা পারভিন, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নিলাসহ অনেকেই ফেসবুক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।










