২০১৮ সালে রেকর্ড ১০৬ গোল আর ১০০ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয় করে ম্যানচেস্টার সিটি। সেবার ২৫ পয়েন্ট পেছনে থেকে চতুর্থ হয় লিভারপুল। যদিও এরপর ব্যবধান কমেছে দুই দলের। গত তিন মৌসুমে শিরোপা ভাগাভাগি করেছে দুটি দল—দুটি জিতেছে ম্যানসিটি, একটি লিভারপুল। আগামী মাসে নিশ্চিতভাবেই এ দুই দলের একটির হাতেই উঠছে লিগ শিরোপা।

গত তিন মৌসুমে দুই দলের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান ছিল। এবারো ৩০ রাউন্ড শেষে সিটির চেয়ে এক পয়েন্ট দূরে লিভারপুল।

২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে মাত্র ১ পয়েন্টে হারিয়ে লিগ শিরোপা পায় সিটি। সেবার ম্যানসিটির পয়েন্ট ছিল ৯৮, আর লিভারপুলের ৯৭। চলতি ২০২১-২২ মৌসুমেও জমে উঠেছে দুই জায়ান্টের লড়াই। ৩০তম রাউন্ড শেষে সিটির পয়েন্ট ৭৩, সমান ম্যাচে অল রেডদের ৭২। এমন টান টান উত্তেজনার মুহূর্তেই ৩১তম রাউন্ডে মুখোমুখি দুই শিরোপাপ্রত্যাশী। আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু হবে এই উত্তাপ ছড়ানো লড়াই, যে ম্যাচের ফল চলতি মৌসুমের শিরোপা অনেকটাই নির্ধারণ করে দেবে।

২০১৩-১৪ মৌসুমেও লিভাপুলের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জেতে সিটিজেনরা। শেষ ১০ আসরে সবচেয়ে রোমাঞ্চকর ছিল ২০১১-১২ মৌসুম। ৩৮ রাউন্ড শেষে ম্যানসিটি-ম্যানইউর পয়েন্ট ছিল ৮৯। গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জেতে সিটি। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে পাঁচবার শিরোপা জিতেছে ম্যানসিটি, যার সবক’টি এসেছে শেষ ১০ মৌসুমে। আর ইংল্যান্ডের শীর্ষ লিগে তারা শিরোপা জিতেছে মোট সাতবার।

চলতি মৌসুমে অ্যানফিল্ডে দুই দলের প্রথম লড়াইটা ২-২ গোলে ড্র হয়। লিগে শেষ চার দেখায় ম্যানসিটির বিপক্ষে জয় নেই লিভারপুলের। ইয়ুর্গেন ক্লোপের দল দুই ম্যাচ হেরেছে, ড্র করেছে দুটি। তবে দুই দলের সর্বমোট ১০৯ বারের দেখায় এগিয়ে অল রেডরা। ৫৭টি জয়ের বিপরীতে তারা হেরেছে ২১ ম্যাচে, ৩১টি ম্যাচ ড্র হয়।

আজ জিতলে লিভারপুলের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে যাবে সিটি। লিভারপুল জিতলে তারাও শিরোপা দৌড়ে এগিয়ে যাবে। সিটির চেয়ে এগিয়ে থাকবে ২ পয়েন্টে। আর ম্যাচটি ড্র হলে ২ পয়েন্টে এগিয়ে থাকবে গার্দিওলার দল।

লিগে সর্বশেষ বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে সিটি। চ্যাম্পিয়নস লিগেও অ্যাতলেটিকো মাদ্রিদকে হারায় ১-০ গোলে। সব মিলিয়ে আত্মবিশ্বাসী সিটিজেনরা। লিভারপুলও দারুণ ছন্দে। লিগে শেষ দুই ম্যাচে আর্সেনাল ও ওয়াটফোর্ডকে ২টি করে গোল হজম করিয়েছে। চ্যাম্পিয়নস লিগে বেনফিকাকে ৩-১ গোলে উড়িয়ে অত্যন্ত চনমনে অল রেডরা।

প্রিমিয়ার লিগের ৪৯ ম্যাচে মুখোমুখি লড়াই হয়েছে দুই দলের, যার মধ্যে লিভারপুল ২০টিতে ও সিটি ১১টিতে জিতেছে।

দুই দলের লড়াইটা শুধু প্রিমিয়ার লিগেই সীমিত নয়, এফএ কাপেও। ১৬ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানসিটি-লিভারপুল। বিবিসি