সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন—ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান ও রেজওয়ান কবির সিদ্দিক ও ফ্রাঞ্চাইজির সহস্বত্বাধিকারী তৌহিদুল হক তৌহিদ। এছাড়া নবম, দশম ও একাদশ বিপিএলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কর্মকর্তা সামিনুর রহমানের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। লাবলুর রহমান চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার, রেজওয়ান কবির সিলেট টাইটান্সের ম্যানেজার ও তৌহিদুল হক নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের সহস্বত্বাধিকারী। অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগের নোটিস প্রাপ্তির তারিখ থেকে ১৪ দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপেশন (দ্য কোড) ভঙ্গ করায় তাদের শাস্তির মুখে পড়তে হয়েছে বলে জানায় বিসিবি। গত নভেম্বরে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট গঠনের পর তাদের প্রথম এ ধরনের পদক্ষেপ এটিই। ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল গতকাল রাতে বিবৃতিতে জানান, সামনের কিছুদিনে আরো বেশ ক’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।