ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৮ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলার পর ঢাকায় চলমান টেস্টে আজ দ্বিতীয় দিন অতিথিদের ৪ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। কিন্তু এ পারফরম্যান্স দিয়েও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মন কাড়তে ব্যর্থ হচ্ছিলেন কৃতী অলরাউন্ডার। যদিও প্রথম ধাপে উপেক্ষিত সাকিব কাল শেষ দিকে দল পেয়ে গেছেন। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিনই প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের আরেক তারকা লিটন কুমার দাস। তাকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে নিয়েছে কলকাতা।

 

আজ নিলামের প্রথম ধাপে সাকিবকে টানেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। অলরাউন্ডারদের ক্যাটাগরিতে প্রথমেই ডাকা হয় সাকিবের নাম। কিন্তু কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়ে দল পাননি তিনি। এবার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়ে দেড় লাখ করেন। তাতেও দল পেতে কষ্ট হলো।

 

দেরিতে হলেও সাকিব যেন ঘরেই ফিরলেন। ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। নাইটদের হয়ে দুবার শিরোপা জয়ের গৌরবও রয়েছে তার। ২০১৮ সালে যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদে। ২০২১ আসরে ফের খেলেন কলকাতায়। একবার বিরতি দিয়ে আবার সেই কলকাতাই তার ঠিকানা।

 

সাকিবের মতো আজ নিলামের প্রথম ধাপে দল পাননি চলতি বছর বাংলাদেশের সেরা ব্যাটসম্যান লিটনও। নিলামের নিয়মিত রাউন্ড শেষে অবিক্রিত খেলোয়াড়দের মধ্য থেকে দলগুলোর আগ্রহের ভিত্তিতে হওয়া ‘ত্বরিত’ পর্বের প্রথম রাউন্ডেও ওঠেনি লিটনের নাম। এই পর্বের দ্বিতীয় রাউন্ডে দল পেয়ে যান ২৮ বছর বয়সী ব্যাটার।

 

সাকিব ও তামিম ছাড়াও এবারের নিলামে প্রাথমিক তালিকায় বাংলাদেশ থেকে ছিলেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার আফিফ হোসেন (দুজনই ৫০ লাখ রুপি ক্যাটাগরি)। যদিও তারা কেউই দল পাননি। আর বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অর্থ্যাত্ এবার, বাংলাদেশের তিনজন খেলবেন আইপিএলে।

 

এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল খেলেছেন আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব ও মুস্তাফিজুর। এবার সপ্তম ক্রিকেটার হিসেবে যোগ দিচ্ছেন লিটন।

 

এদিকে, আইপিএলে ইতিহাস গড়লেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। তাকে রেকর্ড ২২ লাখ ৫৬ হাজার ডলারে (১৮ কোটি ৫০ লাখ রুপি) দলভুক্ত করেছে পাঞ্জাব কিংস। এবারের নিলামে আকর্ষণের কেন্দ্রে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডাররা। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখে কারানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এর আগে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিসকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে রেকর্ড গড়েছিল রাজস্থান রয়্যালস। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে ১৩ উইকেট শিকার করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হন কারান। ইংল্যান্ড এ আসরে শিরোপা জয় করে। ওই পারফরম্যান্স দিয়েই আইপিএলের দলগুলোর নজর কাড়েন ২৪ বছর বয়সী কারান।