শেষ ম্যাচে
মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। প্রথম
ম্যাচে ৩-১ সেটে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জিতে
সিরিজে সমতায় ফিরেছিল। শুক্রবার অঘোষিত ফাইনালে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে
নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে সিরিজ নির্ধারণী ম্যাচে দাপুটে পারফরম্যান্সে প্রথম সেট ২৫-১৮ পয়েন্টে জিতে চালকের আসনে বসে বাংলাদেশ। দ্বিতীয় সেটে শুরুতে লড়াই কিছুটা জমেছিল। এক পর্যায়ে বাংলাদেশ ২৪-১৮ ব্যবধানে এগিয়ে যায়। এরপর মালদ্বীপ ঘুরে দাঁড়িয়ে ২৪-২১ করলেও আটকাতে পারেনি আল জাবির, হরষিত বিশ্বাসদের। ২৫-২১ পয়েন্টে জিতে ২-০ সেটে এগিয়ে যায় সফরকারীরা।
তৃতীয় সেটেও আধিপত্য
ধরে রেখে বাংলাদেশ এক পর্যায়ে এগিয়ে যায় ১৮-১২ ব্যবধানে। মালদ্বীপ মরিয়া চেষ্টা
করেও পারেনি ঘুরে দাঁড়াতে। ২৫-১৮ পয়েন্টে জিতে সিরিজ জয়ের উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ
দল।










