বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল-২০২২) ঢাকায় দুই পর্ব ও মাঝে চট্টগ্রামে এক পর্বের খেলা সম্পন্ন হয়েছে। দলগুলো এখন লড়বে সিলেট পর্বে। এখন পর্যন্ত ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর যথাক্রমে ফরচুন বরিশাল (সাত ম্যাচে ৯ পয়েন্ট), মিনিস্টার গ্রুপ ঢাকা (সাত ম্যাচে ৭ পয়েন্ট), খুলনা টাইগার্স (ছয় ম্যাচে ৬ পয়েন্ট), চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (আট ম্যাচে ৬ পয়েন্ট) ও সিলেট সানরাইজার্স (৬ ম্যাচে ৩ পয়েন্ট)।
তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে বাংলাদেশের খেলোয়াড়রা কেমন পারফর্ম করছেন, সেদিকে নিশ্চিতভাবেই চোখ থাকবে সবার। স্বস্তির বিষয় হলো, ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে ব্যাট-বল উভয় বিভাগেই ভালো করেছেন স্থানীয় ক্রিকেটাররা। বিশেষ করে, বোলিং বিভাগে শীর্ষ ১০ জনের মধ্যে নয়জনই বাংলাদেশের!
পয়েন্ট টেবিলের শীর্ষে যেমন কুমিল্লা, উইকেট শিকারেও শীর্ষে রয়েছেন একই দলের পেস বোলার মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি ১০ দশমিক ৫৪ গড়ে। সেরা বোলিং ৫/২৭। গত ৩ ডিসেম্বর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে কুমিল্লার নয় উইকেটের বড় জয়ের ভিত গড়ে দিন বাংলাদেশ জাতীয় দলের এ তারকা।
মুস্তাফিজ ছাড়া আরো একজন নিয়েছেন সর্বোচ্চ ১১ উইকেট—তিনি খুলনা টাইগার্সের পেস বোলার কামরুল ইসলাম রাব্বি। ছয় ম্যাচে ১৮দশমিক ৮১ গড়ে ১১ উইকেট শিকার করেন তিনি। তার সেরা বোলিং ৩/৪৫। ফরচুন বরিশালের সাকিব আল হাসান ও একই দলের ডোয়াইন ব্রাভো ১০টি করে, কুমিল্লার নাহিদুল ইসলাম, চট্টগ্রামের নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম প্রত্যেকেই নিয়েছেন ৯টি উইকেট। ৮টি করে উইকেট শিকার করেছেন সিলেট সানরাইজার্সের নাজমুল ইসলাম ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী।
সব মিলে, এখন পর্যন্ত চলতি বিপিএলে শীর্ষ ১০ উইকেট শিকারির নয়জনই বাংলাদেশের!
ব্যাটিং চার্টেও বাংলাদেশের পক্ষে পরিসংখ্যানটা মন্দ নয়। শীর্ষ দশজনের মধ্যে ছয়জন বাংলাদেশের, বাকি চারজন বিদেশী। চট্টগ্রামের ইংলিশ ব্যাটার উইল জ্যাকস ৩৫ গড়ে ২৮০ রান নিয়ে এখন পর্যন্ত এক নম্বর স্থানে রয়েছেন। ২৬২ রান নিয়ে তার পরেই বাংলাদেশের তারকা ওপেনিং ব্যাটার তামিম ইকবাল। এ পথে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন মিনিস্টার গ্রুপ ঢাকার ওপেনার তামিম। খুলনার ক্যারিবিয়ান ব্যাটার আন্দ্রে ফ্লেচার ২০৬ রান করে তালিকার তিনে অবস্থান করছেন। চারে রয়েছেন তামিমের সতীর্থ মাহমুদউল্লাহ, যিনি ৪৮ দশমিক ৫০ গড়ে করেছেন ১৯৪ রান। পঞ্চম স্থানেও এক বাংলাদেশী—আফিফ হোসেন। চট্টগ্রামের হয়ে আট ম্যাচে ২৩ দশমিক ১২ গড়ে তিনি করেছেন ১৮৫ রান। এরপর যথাক্রমে চট্টগ্রামের বেনি হাওয়েল (আট ম্যাচে ১৬৪ রান), সিলেটের এনামুল হক (পাঁচ ম্যাচে ১৪৮ রান), সিলেটের লেন্ডল সিমন্স (চার ম্যাচে ১৪৭ রান), বরিশালের সাকিব (ছয় ম্যাচে ১৩৭ রান) ও কুমিল্লার ইমরুল কায়েস (৫ ম্যাচে ১৩৫ রান)।
মুগ্ধ করার মতো বিষয় হলো, বৃষ্টিতে পণ্ড হওয়া দুই ম্যাচ বাদে এখন পর্যন্ত সম্পন্ন ১৮টি ম্যাচের মধ্যে ১৪টিতেই ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশি তারকারা, আর বিদেশিরা ম্যাচসেরা হয়েছেন চারটিতে। সাকিব, মাহমুদউল্লাহ ও নাহিদুল দুবার করে ম্যাচসেরা হয়েছেন। খুলনার আন্দ্রে ফ্লেচারও দুবার ম্যাচসেরা হয়েছেন।
অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়েছে এবারের বিপিএল। সিলেট পর্বে ছয়টি ম্যাচ শেষে বিপিএল শেষবারের মতো ফিরবে ঢাকায়। শেরেবাংলা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে বাকি চারটি ম্যাচ শেষে বাকি থাকবে শুধু নকআউট পর্বের লড়াই। এর মধ্যে রয়েছে একটি এলিমিনেটর, কোয়ালিফায়ার-১ ও কোয়ালিফায়ার-২ এবং ফাইনাল।










