ইংল্যান্ডের কাছে সদ্যই তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে এসেছে বড় পরিবর্তন। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকে সরিয়ে সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিকে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধান নির্বাচক হয়েছেন সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বোর্ডে যখন ব্যাপক পরিবর্তন তখন দলের ওপরও প্রভাব পড়ার কথা। যদিও পাকিস্তান দলনায়ক বাবর আজম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে বলছিলেন, তারা মাঠের খেলায় বাইরের প্রভাব পড়তে দেবেন না। তারা ক্রিকেটেই মনোযোগী হতে চান।

 

অন্তত নিজের কথাটি রেখেছেন বাবর। করাচিতে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সেঞ্চুরি করে পাকিস্তানকে টানেন তিনি। এ সময় বাবরকে যোগ্য সঙ্গ দেন সরফরাজ আহমেদ (৮৬ রান)। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ১৯৬ রান। ৩৪০ বল খেলে এ রান করেন তারা। জুটিতে বাবরের অবদান ১০০, সরফরাজের ৮৬। তাদের দৃঢ়তায় প্রথম দিন ৯০ ওভারে ৫ উইকেটে ৩১৭ রান নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। বাবর ১৬১ ও আগা সালমান ৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

 

মাইকেল ব্রেসওয়েলকে ডিপ মিডউইকেট অঞ্চল দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ২৮ বছর বয়সী বাবর। ১৬১ বলে এসেছে তার সেঞ্চুরি। ১১০ রানে ৪ উইকেট পতনের পর সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে হাল ধরেন তিনি। এ পথে বাবর তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। একটি সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৮ রান। এরপর বাবরের লড়াইয়ে দিনশেষে ৩১৭ রান নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

 

এ সফরে পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।