ফিফা ক্লাব বিশ্বকাপে
পঞ্চম শিরোপার হাতছানি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সামনে। মরক্কোর রাবাতের
প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে এশিয়ান
চ্যাম্পিয়ন সৌদি আরবের আল হিলাল ক্লাবের মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আজ
রাত সাড়ে ৯টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরের আল
আহলি ও লাতিন চ্যাম্পিয়ন ব্রাজিলের ফ্লামেঙ্কো।
৬ মহাদেশের ৭টি দল ক্লাব বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা
ক্লাব বিশ্বকাপের ১৯তম আসর। আগের ১৮ বারে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে রিয়াল
মাদ্রিদ। গতবার চ্যাম্পিয়ন হয় ইংলিশ ক্লাব চেলসি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে
এবার ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে কার্লো অ্যানচেলত্তির দল।
এর আগে ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে চারবার বিশ্বকাপ জয় করে রিয়াল মাদ্রিদ। এছাড়া
আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তিনবার, ব্রাজিলের করিন্থিয়ানস ও জার্মানির
বায়ার্ন মিউনিখ দুবার করে শিরোপা জিতেছে।
এবারের আসরে অংশ নেয় ইউরোপের রিয়াল মাদ্রিদ, লাতিন মহাদেশের ফ্লামেঙ্গো,
এশিয়ার আল হিলাল, স্বাগতিক দেশের উইদাদ ক্যাসাব্লাঙ্কা, উত্তর আমেরিকার সিয়াটল
সাউন্ডার্স এফসি, ওশেনিয়া অঞ্চলের অকল্যান্ড সিটি ও আফ্রিকার আল আহলি।










