আগামী ২ জুন সকালে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসর সামনে রেখে দলগুলো ওয়ার্মআপ ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতিটা ঝালাই করে নেবে। কানাডা-নেপালের ম্যাচ দিয়ে গতকাল রাতেই শুরু হয়েছে ওয়ার্মআপ পর্ব। বাংলাদেশ মাঠে নামছে আজ মঙ্গলবার। টাইগারদের প্রতিপক্ষ সেই যুক্তরাষ্ট্র, যাদের সঙ্গে সদ্যই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। একই দলের সঙ্গে ডালাসে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ওয়ার্মআপ ম্যাচটি।

 

গতকাল নেপালকে ৬৩ রানে হারায় কানাডা। ওমান ৩ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। আজ ভোরে নবাগত উগান্ডাকে ৫ উইকেটে হারায় নামিবিয়া।

 

আজ দুটি ম্যাচ। মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাও। ফ্লোরিডার লাউডারহিলে সিংহলিজদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

 

টেক্সাসে সদ্যই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ১-২-এ হেরে যায় বাংলাদেশ। বিশ্বের উনিশ নম্বর র‍্যাংকধারী দলের কাছে টেস্ট খেলুড়ে বাংলাদেশের এই হারে সমালোচনার ঝড় ওঠে। যদিও তৃতীয় ও শেষ ম্যাচটি ১০ উইকেটে জিতে এই ঝড় কিছুটা হলেও সামাল দিতে পেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের পর এবরা ওয়ার্মআপ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ায় লড়াইয়ে সমতা আনার সুযোগও এসেছে। অর্থ্যাৎ ডালাসের এই ম্যাচটি বাংলাদেশ জিতলে দুই দলের চার ম্যাচের মুখোমুখি লড়াইয়ের ফল হবে ২-২।

 

বিশ্বকাপ খেলতে নামার আগে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগাররা। নিউইয়র্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়েই শেষ হবে বিশ্বকাপের ওয়ার্মআপ পর্ব। পরদিন সকালে শুরু হবে মূল পর্বের উত্তাপ।

 

অস্ট্রেলিয়া দুটি, শ্রীলংকা দুটি, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ একটি করে ওয়ার্মআপ ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকা দল নিজেদের মধ্যে ওয়ার্মআপ ম্যাচ খেলবে। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান কোনো ওয়ার্মঅপ ম্যাচ খেলছে না। তারা বরং নিজেদের মধ্যে চার ম্যাচের সিরিজ খেলে প্রস্তুতি সেরে নিচ্ছে। আজ সিরিজের তৃতীয় ম্যাচ, ৩০ মে চতুর্থ ও শেষ ম্যাচ।    

 

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০টি দল। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা; ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান; ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি এবং ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নামিবিয়া খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইট পর্বে। ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।