গত ১২ মাসে দুইবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লিঁও। এবার তৃতীয়বারের মতো আদা হেগারবার্গকে দলে পেতে আগ্রহ প্রকাশ করল কাতালান ক্লাবটি।
গত গ্রীষ্মে ২৭ বছর বয়সী স্ট্রাইকারকে সই করাতে মরিয়া হয় বার্সা, যদিও তখন চুক্তিতে পৌঁছতে পারেনি স্প্যানিশ ক্লাবটি।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিঁওর সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি। চুক্তি সম্পন্ন করার আগে তিনি বিদায় নিতেও আগ্রহী নন। তবু নাছোড়বান্দা বার্সা। তারা সাবেক ব্যালন ডি’অরজয়ীকে দলে ভেড়াতে মরিয়া। গুঞ্জন রয়েছে, তাকে কিনতে রেকর্ড ফি দিতেও তৈরি আছে বার্সেলোনা। আসন্ন বিশ্বকাপে নরওয়ের হয়ে হেগারবার্গ মাঠ মাতাবেন বলেই আশা করা হচ্ছে। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৭৬ ম্যাচ খেলে ৪৩ গোল করেছেন তিনি। হেগারবার্গ ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৫৮ গোল তার।










