ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের বুকে ব্যথা যেন এ বছর লেগেই আছে। ফুটবলে সার্জিও অ্যাগুয়েরো ও ক্রিশ্চিয়ান এরিকসেন বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পরে জানা যায় তাদের হৃদরোগ। ক্রিকেটেও আজকে এমন একটি ঘটনা ঘটেছে পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতে। বুকে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তানের টেস্ট ওপেনার আবিদ আলী। সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়।

ক’দিন আগেই বাংলাদেশে এসে দারুণ পারফরম্যান্স করেছিলেন আবিদ। ধারাবাহিকতা ধরে রেখেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও। এরই মধ্যে হাঁকিয়েছেন জোড়া ফিফটি। বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার আগে খেলা ৬১ রানের ইনিংসের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক পূরণ হয়েছে আবিদের।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে খাইবার পাখতুনের বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছিলেন সেন্ট্রাল পাঞ্জাবের আবিদ আলি। ব্যাটিংয়ে নেমে দুইবার বুকে ব্যথার কথা বলেন তিনি। 

পরে সেন্ট্রাল পাঞ্জাবের টিম ম্যানেজার আশরাফ আলি জানিয়েছেন, তাদের ওপেনার আবিদ আলিকে পর্যবেক্ষণ ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। চেক-আপের পরেই কিছু বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

চলতি বছর টেস্ট ক্রিকেটে ১৫ ইনিংসে প্রায় ৫০ গড়ে ৬৯৫ রান করেছেন আবিদ। যেখানে রয়েছে দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি।