মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্লো উইকেট নিয়ে অনেক আলোচনা।
আন্তর্জাতিক কিংবা ঘরোয়া যেকোনো ম্যাচেই এই মাঠে রান তোলা নিয়ে হাহাকার। ২০২৩
সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) একই চিত্র। আজ উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৮৯ রান
তুলতে সমর্থ হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে ৯০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে
৪৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
সিলেটের পেস তোপে স্রেফ উড়ে যায় চট্টগ্রাম। অধিনায়ক মাশরাফি ও
পাকিস্তানি তারকা মোহাম্মদ আমির শুরুটা করেন, আর সমাপ্তি
টানেন রেজাউর রহমান রেজা। নবম বিপিএলের প্রথম উইকেটটি অবশ্য কোনো বোলার শিকার করতে
পারেননি! ব্যক্তিগত ১১ রানে জাকির হাসান রানআউট করেন চট্টগ্রাম ওপেনার মেহেদী
মারুফকে।
এরপর আফগান ক্রিকেটার দারউইশ রাসুলিকে ফেরান আমির। পরে উইকেট শিকারে
যোগ দেন অন্যরাও। মাশরাফি ১৮ রানে একটি ও আমির ৭ রানে দুটি উইকেট নেন। এরপর রেজা
১৪ রানে চারটি উইকেট শিকার করে চট্টগ্রামের মিডল অর্ডার লণ্ডভণ্ড করেন। ডাচ
স্পিনার কলিন অ্যাকারম্যান নেন একটি উইকেট। চট্টগ্রামের আফিফ হোসেন ২৩ বলে ২৫ ও আল-আমিন ২০ বলে ১৮ রান করেন।
এরপর নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাটে ১৩তম ওভারেই জয়
নিশ্চিত করে সিলেট। শান্ত ৪১ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন, আর জাকির করেন ২১ বলে ২৭ রান। চট্টগ্রামের মৃত্যুঞ্জয় চৌধুরী ও
মালিন্দা পুস্ককুমারা একটি করে উইকেট নেন।
আজ সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।










