চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১৩ রানের বড় টার্গেট ছুড়ে দেয় ভারত। বিশাল রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ৪২ রান তুলে নিয়ে আজ তৃতীয় দিন মাঠ ছাড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ২২ ও অভিষিক্ত জাকির হাসান ১৯ রানে অপরাজিত রয়েছেন। জয় পেতে এখনো প্রয়োজন ৪৭২ রান। এখান থেকে কতদূর যেতে পারবে সাকিব আল হাসানের দল?
প্রথম ইনিংসে ৪০৪ রান তুলে অলআউট হয় সফরকারী
ভারত। জবাব দিতে নেমে বৃহস্পতিবার ১০২ রানেই ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান
থেকে মেহেদী হাসান মিরাজ (২৫) ও
এবাদত হোসেনের (১৭)
লড়াইয়ের পরও মাত্র ১৫০ রান তুলে অলআউট হয় স্বাগতিকরা। সাকল্যে ৫৫.৫ ওভার আয়ু ছিল
বাংলাদেশ ইনিংসের। যদিও সাকিবদের ফলো-অন করায়নি
অতিথি দলটি। এরপর শুভমান গিল (১১০) ও
চেতেশ্বর পুজারার (১০২*) সেঞ্চুরিতে
২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে ৫১৩ রানের বিশাল
টার্গেটের সামনে পড়ে বাংলাদেশ।
বড় টার্গেটের সামনে দেখেশুনে শুরু করেন
শান্ত ও জাকির। শেষ সেশনের শেষ বেলায় ১২ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুজন, এ সময় বোর্ডে তুলেছেন ৪২ রান।
এটি ভারতের সঙ্গে বাংলাদেশে ১২তম টেস্ট
লড়াই। আগের ১১ টেস্টে কখনো জেতা হয়নি বাংলাদেশের। ৯টিতেই জুটেছে হার, অর্জন বলতে দুটি ড্র।
এটা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের
অংশ, যাতে একটি জয় নিয়ে
বাংলাদেশ রয়েছে টেবিলের তলানিতে। আর ভারত রয়েছে চতুর্থ স্থানে। তাদের উপরে অবস্থান
করছে অস্ট্রেলিয়া, দক্ষিণ
আফ্রিকা ও শ্রীলংকা।










