তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তুপের মধ্য থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুকে। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও নিউক্যাসলের সাবেক খেলোয়াড়। তাকে উদ্ধারের খবর নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। খবর এপি।

 

ঘানা জাতীয় দলের ফুটবলার খেলেন তুর্কি ক্লাব হাতায়স্পোরের হয়ে। ক্লাবটির এক মুখপাত্র সোমবার তুর্কি মিডিয়াকে জানান, ধারণা করা হচ্ছে আতসু একটি ভবনের মধ্যে আটকে পড়ে আছেন। তুরস্কের দক্ষিণাঞ্চলে এই ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত আতসুর ব্যাপারে কেউ কোনো খোঁজ জানতে পারেননি। মঙ্গলবার রাতে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন টুইট করে জানায়: ,‘‌ক্রিস্টিয়ান আতসুকে সফলভাবে উদ্ধার করার ইতিবাচক খবর আমরা জানতে পেরেছি।’

 

আতসুকে উদ্ধার করার পর চিকিৎসা দেয়া হচ্ছিল, তবে তার ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

 

গত বছর দক্ষিণাঞ্চলীয় শহর আনতাকিয়ার ক্লাব হাতায়স্পোরে যোগ দেন ৩১ বছর বয়সী আতুস। এর আগে তিনি পোর্তো, চেলসি, এভারটন, বোর্নমাউথ, নিউক্যিাসলের মতো ক্লাবে খেলেছেন। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঘানা জাতীয় দলের হয়ে খেলেছেন ৬৫ ম্যাচ, গোল করেছেন ৯টি।