গত দেড় বছরে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে সব ‘সর্বনাশ’ করেছেন ট্রাভিস হেড। ২০২৩ সালের জুলাইয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৭৪ বলে ১৬৩ রানের রাজসিক ইনিংস খেলে তিনিই হারিয়ে দেন ভারতকে। ওই বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আবারো জ্বলে ওঠে তার ব্যাট। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় লাখো দর্শককে হতবিহ্বল বানিয়ে ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি। ভারতীয়দের কাঁদিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় অজিরা।
আরেকবার ভারতের সামনে শক্ত ‘দেয়াল’ হয়ে উঠলেন ৩০ বছর বয়সী হেড। এবার অ্যাডিলেড টেস্টে। অ্যাডিলেড টেস্টে ভারতের ১৮০ রানের জবাবে গতকাল ৩৩৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পেয়েছে অজিরা। ভারতীয় বোলারদের ওপর কর্তৃত্ব করেন হেড। বামহাতি ব্যাটার ১৪১ বলে ১৪০ রানের রাজসিক ইনিংস খেলে দলকে রান তিনশ পার করিয়েছেন। হেড আউট হয়ে গেলেও অজিদের লিড দেড়শ ছাড়িয়ে যায়। ১৫৭ রানের লিড নেয় স্বাগতিকরা। ভারতের জশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ চারটি করে উইকেট নেন।
দেড়শ রানে পিছিয়ে পড়া ভারত দ্বিতীয় ইনিংসে পড়েছে বিপদে। ১০৫ রানে তারা হারিয়ে বসে ৫ উইকেট। স্বাগতিকরা দিন শেষ করে ৫ উইকেটে ১২৮ রান নিয়ে। দুই ইনিংস মিলে ৫ উইকেট হাতে তারা এখনো পিছিয়ে রয়েছে ২৯ রানে।
প্রথম ইনিংসে ৩ রান করা রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। ৬ রান করে তিনি প্যাট কামিন্সের বলে ক্লিন বোল্ড। হাসেনি আরেক সুপারস্টার বিরাট কোহলির ব্যাটও। প্রথম ইনিংসে ৭ রান করা কোহলি দ্বিতীয় ইনিংসে ১১ রান করেন ২১ বলের মোকাবেলায়। তাকে সাজঘরে ফিরিয়েছেন স্কট বোল্যান্ড। অজি দলনায়ক কামিন্স ও বোল্যান্ড দুটি করে এবং মিচেল স্টার্ক একটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৮০ ও ১২৮/৫ (জয়সোয়াল ২৪, গিল ২৮, পন্ত ২৮, নিতিশ ১৫*; কামিন্স ২/৩৩, বোল্যান্ড ২/৩৯)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩৭ (হেড ১৪০, লাবুশেন ৬৪; বুমরা ৬/৬১, সিরাজ ৪/৯৯)।
—দ্বিতীয় দিন শেষে










