গত ৬ নভেম্বর শারজায় বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট শিকার করে চমক দেখান ১৯ বছর বয়সী আফগান অফস্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। সেই পারফরম্যান্স দিয়েই তিনি এখন কোটিপতি! ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাকে দলভুক্ত করেছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স যে মোটেও ফ্লুক ছিল না, তা আরেকবার প্রমাণ করলেন তিনি। আজ হারারেতে ৩৩ রানে ৫ উইকেট শিকার করে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানকে জিতিয়েছেন ৮ উইকেটে।

আগে ব্যাটিংয়ে নেমে গজনফরের ঘূর্ণির সামনে ১২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। গজনফর একাই নেন ৫ উইকেট। এছাড়া রশিদ খান নেন ৩৮ রানে ৩ উইকেট। জিম্বাবুয়ের শন উইলিয়ামস সর্বোচ্চ ৬০ রান করেন ৬১ বলের মোকাবেলায়। এরপর সেদিকুল্লাহ আতালের (৫০ বলে ৫২) ফিফটিতে সহজ জয় পায় আফগানিস্তান।

২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল আফগানিস্তান। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর টানা দুই ম্যাচ জিতল আফগানিস্তান। আজ শেষ ম্যাচের নায়ক গজনফর। এ নিয়ে টানা ছয়বার ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হারাল আফগানিস্তান। সাতবারের চেষ্টায় সফল হয়নি জিম্বাবুয়ে। ২০১৪ সালে প্রথম সিরিজটা ২-২-এ ড্র হয়।

আফগানিস্তানের হয়ে ১১টি ওয়ানডে খেলে এরই মধ্যে ২১ উইকেট শিকার করেছেন গজনফর।