নুনো এস্পিরিতো সান্তোকে বরখাস্ত করার পর গত মাসের শুরুতে অ্যান্তোনিও কন্তেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় টটেনহ্যাম হটস্পার। 

কন্তে দায়িত্ব নেয়ার পর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অপরাজিত স্পার্সরা। লিগে ইতালিয়ান কোচের অধীনে তিন ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে তারা। সবশেষ গত বৃহস্পতিবার ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারায় দলটি। 

এর আগে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর লিডস ইউনাইটেডকে ২-১ গোলে হরায় টটেনহ্যাম। এই যাত্রা সমৃদ্ধ করার মিশনে ঘরের মাঠে রোববার নরউইচ সিটির বিপক্ষে মাঠে নামবে দ্য লিলিহোয়াইটস। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এদিকে একই সময়ে ওল্ড ট্রাফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের।

তবে ইউরোপিয়ান কনফারেন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে স্লোভানিয়ার ক্লাব মুরার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল কন্তের দল। তার অধীনে ১০ মৌসুম পর ২০২০-২১ মৌসুমে ইতালিয়া লিগ সিরি-আ চ্যাম্পিয়ন হয় ইন্টার মিলান।