ভক্তদের সামনে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে আবারো মুখোমুখি করিয়ে দিচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আজ উয়েফার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। ইউরোপ সেরার মঞ্চে নকআউটে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার ইউনাইটেড, যা কিনা মেসি ও রোনালদোর বর্তমান ক্লাব।
এছাড়া স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ খেলবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে পেয়েছে পর্তুগালের ক্লাব বেনফিকাকে। গতবারের রানার্সআপ ম্যানচেস্টার সিটির সামনে ভিয়ারিয়াল। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি খেলবে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস পেল আরেক পর্তুগাল ক্লাব স্পোর্টিং লিসবনকে। নকআউটে ইতালির ক্লাব ইন্টার মিলানের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স। অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সলজবুর্গ মোকাবেলা করবে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে।
আগামী ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগের ম্যাচগুলো ৮, ৯, ১৫ ও ১৬ মার্চ। ১৮ মার্চ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ড্র।
নকআউটে নির্ধারিত সময়ের খেলা শেষে দুই পর্বে মিলিয়ে যে দল গোল ব্যবধানে এগিয়ে থাকবে, তারা কোয়ার্টারে জায়গা করে নেবে। যদি গোল সংখ্যা সমান হয়, তবে হোম ও অ্যাওয়ে গোলের ভিত্তিতে শেষ আটে জায়গা করতে পারবে। এতেও যদি ফলাফল না হয়, তাহলে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হবে দলগুলোকে। তাতেও যদি খেলা টাই হয়ে থাকে, তবে পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে।
শেষ ষোলোর লাইনআপ
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
ভিয়ারিয়াল-ম্যানসিটি
অ্যাতলেটিকো-বায়ার্ন
সলজবুর্গ-লিভারপুল
ইন্টার মিলান-আয়াক্স
লিসবন-জুভেন্টাস
চেলসি-লিল
পিএসজি-ম্যানইউ










