আফগাস্তিানের তাদের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত জয়টির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তখনই গ্লেন ম্যাক্সওয়েলের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে সব শেষ তাদের। ১২৮ বলে ২০১ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে আফগানদের একাই হারিয়ে দেন ম্যাক্সওয়েল। ওই ম্যাচটি জিতলে আফগানিস্তানের সেমিফাইনালের আশা বেঁচে থাকতো। এরপরও মাথা উঁচু করেই বিশ্বকাপ শেষ করতে চায় হাশমতউল্লাহ শহিদির দল। আজ তাই রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে চায় আফগানরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।  

পাকিস্তান ও আফগানিস্তান দুটি দলই বৃহস্পতিবার তাকিয়ে ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচেই দল দুটির ভাগ্য জড়িয়ে ছিল। দুটি দলকেই হতাশ করল নিউজিল্যান্ড। কিউইরা ৫ উইকেটের জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে। তাতে বিদায়ের শঙ্কায় আফগানিস্তান ও পাকিস্তান। আজ দক্ষিণ আফ্রিকাকে ৪৩৮ রানের ব্যবধানে হারালেই কেবল নিট রানরেটে নিউজিল্যান্ডকে টপকাতে পারবে আফগানরা। এই প্রায় অসম্ভব এক সমীকরণ সামনে রেখে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি হবেন রশিদ খানরা।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আফগানরা ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে। তাদের নিট রানরেট -০.৩৩৮। সমান ম্যাচ ১০ পয়েন্ট নিয়ে চারে থাকা কিউইদের নিট রানরেট +০.৭৪৩, আর পাকিস্তানের +০.০৩৬।  

২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে মোট ১৫ ম্যাচ খেলে শুধু স্কটল্যান্ডকে হারাতে পেরেছে আফগানিস্তান। তারা এবার এক আসরেই ইংল্যান্ড, শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। প্রোটিয়াদের হারিয়ে শেষটাও রাঙাতে মরিয়া রশিদ খান, মোহাম্মদ নবিরা।