পাকিস্তান ক্রিকেটের বদলে যাওয়ার বছর ২০২১ সাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা পুরস্কারে বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার এবং বর্ষসেরা টি২০ ক্রিকেটারের পুরস্কার গেছে এবার পাকিস্তানে। এছাড়া তিন সংস্করণের একাদশেও পাকিস্তানের আধিপত্য।

২০০৪ সাল থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ দিয়ে আসছে আইসিসি। সেই থেকে ১৬ বারে কখনো পুরস্কারটি জিততে পারেনি পাকিস্তানের কেউ। ২০২১ সালে বোলিং কারিশমা দেখিয়ে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটি জিতে নিয়েছেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।

২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২০২১ সালে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেছেন তিনি, এ পথে সেঞ্চুরি করেছেন দুটি। বর্ষসেরা টি২০ খেলোয়াড় একই দেশের মোহাম্মদ রিজওয়ান।

এ বছর থেকেই টি২০ পুরস্কার দেয়া শুরু করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বছরজুড়ে আগুনে পারফরম্যান্সের কারণেই রিজওয়ানকে বেছে নিতে অসুবিধা হয়নি আইসিসির। জাতীয় দলের জার্সিতে গত বছর ২৯টি টি২০ ম্যাচে ৭৩.৬৬ গড়ে ১ হাজার ৩২৬ রান করেন রিজওয়ান। এছাড়া উইকেটকিপার হিসেবে ডিসমিসাল করেছেন ২৪টি।

নারী ক্রিকেটে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছে পাকিস্তান। পুরস্কারটি ওঠে ফাতিমা সানার হাতে। সব মিলে এবার আইসিসির শীর্ষ পুরস্কারে পাকিস্তানের জয়জয়কার।

বর্ষসেরা দলেও তিন সংস্করণের পাকিস্তানের রয়েছেন সর্বোচ্চ আটজন। ওডিআইতে বাবর ও ফখর জামান, টি২০তে রিজওয়ান, বাবর ও শাহিন এবং টেস্টে ফাওয়াদ আলম, হাসান আলী ও শাহিন জায়গা পেয়েছেন।

এদিকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের দলনায়ক জো রুট। সদ্যসমাপ্ত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০তে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। দল ভালো না করলেও প্রতিটি ম্যাচেই লড়াই করে গেছেন রুট। এছাড়া গত বছরজুড়েই তিনি অনবদ্য পারফর্ম করেছেন। তারই স্বীকৃতিস্বরূপ জিতলেন বর্ষসেরা পুরস্কার। আইসিসি